ব্রহ্মপুত্রে নৌকাডুবি: স্কুল ছাত্রের লাশ উদ্ধার
নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু।
রোববার সকালে গফরগাঁওয়ের হালিমাবাদ এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার ওসি বদরুল আলম খান।
মৃত মনিরুজ্জামান (১৫) স্থানীয় শাখচূড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ওসি জানান, শনিবার দুপুরে ইঞ্জিন চালিত একটি নৌকা ২৫/৩০ জন যাত্রী নিয়ে চরআলগী থেকে গলাকাটা খেয়াঘাটের দিকে যাচ্ছিল।
হালিমাবাদ এলাকায় নৌকাটি ডুবতে শুরু করলে অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও মনিরুজ্জামানসহ অপর দুই শিশু তলিয়ে যায়।
ওসি আরও জানান, ঘটনার পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে রাত পর্যন্ত তাদের হদিস মেলেনি।
“সকালে নদের পানিতে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে।”
মনিরুজ্জামানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি বদরুল।
