বেদখলে রেল ইয়ার্ড, সাত দিনেও খালাস হয়নি পদ্মাসেতুর পাথর
পদ্মা সেতুর কাজে আনা ভারতীয় পাথর ফরিদপুরে রেল ইয়ার্ডের জায়গায় অবৈধ দখলে থাকায় সাত দিনেও খালাস করা সম্ভব হয়নি।
ফরিদপুর রেল স্টেশন মাস্টার মো. মোতাব্বর আলী জানান, পাথর বোঝাই বগি স্টেশনে জায়গার অভাবে ৭/৮ দিন ধরে আটকে রয়েছে।
তিনি বলেন, “অবৈধ দখল উদ্ধারের জন্য ইতিমধ্যে রেলেও উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
অগাস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল সেতুর পাইলিং কাজ উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।
ভারত থেকে আনা এই পাথর খালাসের বিলম্বে আশঙ্কা প্রকাশ করে ফরিদপুর পৌর সভার ৮নং ওয়ার্ডের কমিশনার আব্দুল জলিল শেখ বলেন, “পাথর নিতে যত দেরি হবে সেতুর কাজেও তত বিলম্ব হবে।”
ওই কোম্পানির স্থানীয় প্রতিনিধি আক্তার হোসেন কামাল জানান, পশ্চিমবঙ্গ থেকে রেলের ৮৩টি বগিতে এসব পাকুর স্টোন আনা হয়েছে। প্রতিটি বগিতে আছে ৫৭ টন পাথর।
পশ্চিমবঙ্গ থেকে সরাসরি ফরিদপুরে এনে এসব পাথর খালাস করে ট্রাকে করে পদ্মাসেতুর স্থলে পাঠানো হবে।
এই পাথর দিয়ে পদ্মা সেতুর পাইলিং কাজ করার কথা। কিন্তু গত সাত দিন আগে আনা পাথর রেল ইয়ার্ডের জায়গার অভাবে এখনও খালাস করা যায়নি।
তিনি বলেন, “যেসব জায়গায় এই পাথর খালাস করা হবে সেসব জায়গা প্রভাবশালীদের দখলে রয়েছে।
“প্রশাসন উদ্যোগ না নিলে আমরা সেগুলো ভাঙতে পারি না।
“স্টেশন মাস্টারকে জানানোর পরেও কাজ হয়নি। এরপর বিষয়টি রেল মন্ত্রণালয়কে জানানো হয়েছে।”
এ নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সাথে যোগাযোগ করলে তিনি পাথর খালাসের জন্য রেল মন্ত্রণালয় থেকে বার্তা পাওয়ার কথা জানান।
শিঘ্রই পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়ে তিনি পাথর সরবরাহকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, “স্থানীয় প্রশাসনকে আরো আগে জানালে আগেই পদক্ষেপ নেওয়া যেতো।”
সরেজমিনে, ফরিদপুর রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে, স্টেশনের পশ্চিম অংশে গড়ে ওঠা বসতি থাকা কয়েকটি অস্থায়ী স্থাপনা অপসারণ করে সেই জায়গা শ্রমিকেরা পাথর ফেলার চেষ্টা করছে।
তবে এলাকার প্রভাবশালীদের দখলে থাকা রেল ইয়ার্ডের জায়গায় হাত দেওয়া হয়নি।
