রূপনগরে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর মিরপুরের রূপনগরের একটি বাসা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শ্রাবণী আক্তার (১৪)।
শুক্রবার দুপুরে শিয়ালবাড়ির দুই নম্বর রোডের ১২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
রূপনগর থানার এসআই মো. মনির হোসেন নিহতের বাবা বাবুল মিয়ার বরাত দিয়ে বলেন, “ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে কক্ষে ঢুকে শ্রাবণীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত আবস্থায় পাওয়া যায়।”
পরে স্বজনরা মৃতদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেয়।
তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা স্বজনরা জানাতে পারেননি বলে জানান এসআই মনির। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজধানীর তালতলা এলাকায় একটি সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে মনিরুজ্জামান (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনির ওই ভবনের চারতলায় নিজের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। শুক্রবার সকাল ১১টার দিকে ছাদে উঠে কবুতরকে খাবার দেওয়ার সময় নিচে পড়ে গুরুত্বর আহত হন মনির।হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।”
