২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে প্রাণ ঝরল আরও ১৭ জনের

ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 07:52 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

রাজধানী ছাড়াও গাজীপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ ও নীলফামারী জেলায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ।

নিহতদের মধ্যে গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় পাঁচ লেগুনা আরোহী, বাসের ধাক্কায় মাদারীপুরে পাঁচ মাইক্রোবাস আরোহী, নারায়ণগঞ্জ ও বরিশালে দুই মোটরসাইকেল আরোহী রয়েছেন।

এছাড়া ঢাকার তিন স্থানে বাস দুর্ঘটনায় আরও তিন জনের মৃত্যুর পাশাপাশি গোপালগঞ্জে বাসচাপায় এক গৃহবধূ ও নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন।

ঢাকার কারওয়ান বাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য ও শেওড়াপাড়ায় এক পথচারী এবং কুড়িল ফ্লাইওভারে বাসচাপায় এক তরুণীর মৃত্যু হয়।

ঈদের পর ফিরতি যাত্রায় বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর

শহরের নাওজোড় এলাকায় সামনে থেকে কভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা চালক ও তার সহকারীসহ পাঁচজন নিহত এবং আরও অন্তত পাঁচ আরোহী আহত হন।

সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম জানিয়েছেন।

স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী একটি কভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা ওই লেগুনাকে সামনে থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে লেগুনার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক নারীসহ দুজনের মৃত্যু হয়।

মাদারীপুর

কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় মাইক্রোবাসে বাসের ধাক্কায় পাঁচজন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বেলা ১টার দিকে ওই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানিয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বরিশালগামী একটি লোকাল বাস বিপরীতমুখী ওই মাইক্রোবাসকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতদের বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা

ঢাকার কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটে বেলা পৌনে ৩টার দিকে।

নিহত সোহেল রানা (৩০) পুলিশের বিশেষ শাখায় (এসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “সোহেল মোটরসাইকেল চালিয়ে ফার্মগেইটের দিকে যাচ্ছিলেন। মিরপুরগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন।”

তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

অন্যদিকে সকাল ৮টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন বলে কাফরুল থানার এসআই মো. আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহত সাইফুল ইসলাম সেলিম (৪৫) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শেওড়াপাড়াতেই থাকতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আবুল হোসেন বলেন, রাস্তা পার হওয়া সময় ফার্মগেইটগামী একটি বাস সেলিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া ভোরের দিকে কুড়িল ফ্লাইওভারে চালক নিয়ন্ত্রণ হারালে বাস থেকে পড়ে গিয়ে এক তরুণী নিহত এবং আরও একজন আহত হন।

নিহত নাসরিন আক্তারের (১৯) নাম জানা গেলেও আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভোরে সুপ্রভাত পরিবহনের একটি বাস সদরঘাট থেকে উত্তরা যাচ্ছিল। পথে কুড়িল ফ্লাইওভার থেকে নিচে নামার সময় ঢালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ব্রেক করেন। এতে নাসরিন ও আরেক পুরুষ যাত্রী গাড়ি থেকে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির চাকা নাসরিনের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

নারায়ণগঞ্জ

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মজিবুর রহমান (৫০) মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে আসার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।

স্থানীয় দুই ব্যক্তি আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।

বরিশাল

গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনায় আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে উজিরপুর উপজেলা থেকে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে গৌরনদীর দিকে যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া গৌরনদী উপজেলার পিঙ্গুলাকাঠী বাজার এলাকায় এক প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায়, যাতে অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে চার জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে গৌরনদী থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।

গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস চাপায় এক গৃহবধূর মৃত্যু হয় সকালে।

নিহত বেগম (৪০) টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামের মৈয়ার আলী শেখের স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার এসআই ইকরাম হোসেন জানান, সকালে সিঙ্গিপাড়ায় রাস্তা পার হচ্ছিলেন বেগম। এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।

নীলফামারী

বেলা সকাল ১১টার টার দিকে নীলফামারী শহরের কলেজ স্টেশন এলাকায় ট্রাক্টর উল্টে এর চালক আইয়ুব আলী (২৭) নিহত হন।

আইয়ুব ভাড়ায় চালিত ট্রাক্টর দিয়ে মানুষের জমি চাষ করে দেওয়ার কাজ করতেন। তিনি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের জোবেদ আলীর ছেলে।

সদর থানার ওসি শাহজাহান পাশা জানান,  আইয়ুব শহরের কলেজ স্টেশন এলাকায় একটি জমিতে চাষ শেষ করে ওই ট্রাক্টর সড়কে উঠাচ্ছিলেন। এ সময় ট্রাক্টরের পেছনের চাকা পিছলে সেটি উল্টে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।