২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার ফাঁসি বহালের দাবিতে প্রতিদিন অবস্থান

বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির সর্বোচ্চ সাজা বহাল রাখার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 05:55 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

পুরনো খবর:

সাকা চৌধুরীর চূড়ান্ত রায় ২৯ জুলাই
যুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সাকার ফাঁসির আদেশ
রায় ফাঁস: সাকা চৌধুরীর স্ত্রী ছেলে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র

শুক্রবার বিকাল ৪টায় বৃষ্টির মধ্যে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে প্রায় ৬০ জনের জমায়েত নিয়ে জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে অবস্থান শুরু হয়। বৃষ্টি কমতে শুরু করলে উপস্থিতি আরো বেড়ে যায়।

সন্ধ্যায় কর্মসূচি শেষ হওয়ার আগে ইমরান বলেন, “২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে শাহবাগে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্লোগানসহ আমাদের অবস্থান চলবে। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের সর্বোচ্চ সাজা না নিয়ে আমরা কেউই ঘরে ফিরে যাবো না।

 “এ দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে এটি শেষ করতে হলে সবার আগে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করতে হবে, সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে হবে। ”

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার পাশাপাশি নিরীহ মানুষ হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিনের আপিলের রায় আগামী ২৯ জুলাই দেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।     

সাবেক এই মন্ত্রী এবং দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার মৃত্যুদণ্ডের রায় যেন কোনোভাবে ঘুরে না যায়, সেই লক্ষ্যে যে কোনো পরিস্থিতে শুক্রবার থেকে ধারাবাহিক কর্মসূচি চলবে বলে জমায়েতে ঘোষণা দেন ইমরান।

‘কুখ্যাত রাজাকার সাকার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গণঅবস্থান’ ব্যানারে অবস্থান চলাকালে মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, “ঝড়-বৃষ্টি-তুফান যাই আসুক না কেন কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা ফাঁসির রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান চলবে।

“এর আগেও আমরা দেখেছি ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডে নেমে এসেছিল।”

তাই সকলকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রয়োজনে আমরা রাজপথে লাগাতার অবস্থান করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব।”

অবস্থানে আরো বক্তব্য রাখেন ভাস্কর রাসা, উদীচীর সহ সভাপতি এ এম রাশেদা ও সংগঠক সঙ্গীতা ইমাম।

কর্মসূচি শেষে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা।

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেয়।

এর আগে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডে নেমে এসেছিল জামায়াতে ইসলামীর নায়েব আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে, যিনিও সংসদ সদস্য ছিলেন।

এর আগে ইমরান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ইতোমধ্যে তার পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন।

“সে একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা। তার জাতীয় এবং আন্তর্জাতিক লবিংও যথেষ্ট শক্তিশালী। এই বিষয়গুলো রায়ের ক্ষেত্রে আদৌ কোনো প্রভাব ফেলবে কি না- এ বিষয়ে যথেষ্ট সন্দেহ ও শঙ্কার অবকাশ আছে।”

আগেও বিভিন্ন সময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে সালাউদ্দিন কাদেরের চেষ্টার ঘটনাগুলো তুলে ধরে ইমরান বলেন, “তার এই রায়কে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর সব ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে আমি রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধই হবে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব।”

ইমরান বলেন, “এ পর্যন্ত যতজন যুদ্ধাপরাধীর বিচার এবং সাজা হয়েছে, তাদের মধ্যে সাকা চৌধুরী সবচেয়ে ভয়াবহ ও নৃশংস। সাকা চৌধুরীর নেতৃত্বেই একাত্তরে চট্টগ্রামে গণহত্যার মহোৎসব চলে। একাত্তরে চট্টগ্রাম অঞ্চলে যত যুদ্ধাপরাধ হয়েছে, তার সঙ্গে তার সংশ্লিষ্টতা ইতোমধ্যে প্রমাণিত।”

একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর প্রায় তিন বছর বিচারের পরিক্রমায় এই রায় হয়। তার ওই রায় আগেই ফাঁস করার অভিযোগেও একটি মামলা রয়েছে, যাতে তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরী আসামি।