২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডারবাজি: যুবলীগ নেতাকে বহিষ্কার

রাজউক ভবন এলাকা থেকে টেন্ডাবাজির সময় আটক আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর শাখার এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

যুবলীগের বহিষ্কৃত ওই নেতাসহ আটক ছয়জনকে এক দিনের রিমান্ডে পেয়েছে মতিঝিল থানা পুলিশ।

শুক্রবার যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কাজে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম গোফরান ওরফে গোফরান গাজীকে (৫৭) সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে মহানগর আদালত পুলিশের এসআই হুমায়ুন কবীর জানান, গোফরানসহ র‌্যাবের হাতে আটক মিজানুর রহমান মানিক (৫৬), মো. সেলিম (৫০), খায়রুল আলম তুহিন (৩৭), মো. রাসেল (২৯) এবং কাজী সোহেলের (৩৮) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার রাউজক ভবনের সামনে থেকে টেন্ডার ওপেনিং কমিটি ও পুলিশের সামনে থেকে জোর করে টেন্ডার ফাইলগুলি সরিয়ে নেওয়ার চেষ্টার সময় ছয় জনকে হাতেনাতে আটক করে র‌্যাব।

এই ঘটনায় র‌্যাব-৩ এর কর্মকর্তা মো. খালেকুজ্জামান বাদী হয়ে মতিঝিল থানায় দরপত্র ছিনিয়ে নেওয়া এবং ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মো. মহসীন খান শুক্রবার আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন জানালে মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী আবু হানিফ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানালেও হাকিম তা নাকচ করেন বলে আদালত পুলিশের এসআই হুমায়ুন জানান।

পুরনো খবর:

ছয় ‘টেন্ডারবাজকে’ আটক করেছে র‌্যাব