গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহতদের দাফন সম্পন্ন
গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত একই পরিবারের ছয় জনের দাফন সম্পন্ন হয়েছে নরসিংদীর চরদিগলদীর জিতরামপুর গ্রামে।
অপর দুজনের দাফন হয় টঙ্গীর বোর্ড বাজার ও নরসিংদীর মেঘনা বাজারে।
শুক্রবার সকালে জিতরামপুর ছয় জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শাহী গোরস্থানে তাদের দাফন করা হয়।
বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার মেঘনা বাজার থেকে ৭ যাত্রী সিএনজি চালিত অটোরিকশায় টঙ্গীর বোর্ড বাজার যাচ্ছিলেন তারা।
পথে বেলা ২টার দিকে হায়দরাবাদ এলাকায় জয়দেবপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও এক পরিবারের সাত জন নিহত হন।
নিহতরা হলেন জিতরামপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে শাহ আলম (৩২), শাহ আলমের স্ত্রী পিয়ারা বেগম (২৫), মেয়ে সাদিয়া (৭), ছেলে ইয়াছিন (৪), শ্যালিকা কারিমন (১২), মামাতো ভাই লিটন (১৫), ভাগিনা আল আমিন (৩০) ও অটোরিকশা
চালক মোস্তফা (১৮)।
এদের মধ্যে প্রথম ছয় জনকে তাদের বাড়ি জিতরামপুরে দাফন করা হয়। আলামিনকে টঙ্গীর বোর্ড বাজার এবং চালক মোস্তফার লাশ নরসিংদীর মেঘনা বাজারে দাফন করা হয়।
জানাজায় চরদিগলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোকন মিয়া ও নিহত শাহ আলমের বাবা ফটিক মিয়াসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
শাহ আলমের শোকাতুর বাবা ফটিক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেকে তিনি অটোরিকশায় যেতে নিষেধ করেছিলেন।
তার কথামতো অটোরিকশায় না গিয়ে বাসে গেলে হয়ত তাদের এতবড় ক্ষতি হতো না বলে মনে করেন তিনি।
নিহতদের লাশ বৃহস্পতিবার রাত ১২টায় তাদের বাড়ি পৌঁছায় বলে ফটিক মিয়া জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ পৌঁছার পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। শোকার্তরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে জানাজা শেষে দাফনে শরিক হন।
