গাজীপুরে পুকুরে যুবকের লাশ
গাজীপুর সিটি করপোরেশনে একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ইসলামপুরে উজ্জ্বল চন্দ্র মোহন্তের (২৬) লাশ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার এসআই মফিজুর রহমান জানান।
উজ্জ্বল নির্মান শ্রমিক ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার চামুরপাড়া গ্রামের বাবুল চন্দ্র মোহন্তের ছেলে। স্ত্রী মতি তারা রানীসহ ইসলামপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই মফিজুর রহমান জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে উজ্জ্বলের প্রায়ই কলহ হতো। এর জেরে রোববার তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
তিনি জানান, সকালে ইসলামপুর বাজারের পশ্চিম পাশে একটি পুকুরে উজ্জ্বলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের গলায় কলচে দাগ ছাড়া আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান এসআই মফিজুর।
