কোকেনকাণ্ডে গ্রেপ্তার সাইফুল ১০ দিনের রিমান্ডে
বলিভিয়া থেকে তেলের সঙ্গে মিশিয়ে কোকেন আনার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার অনুমতি দেন বলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত ১৪ জুলাই সিএণ্ডএফ কর্মকর্তা সাইফুলকে (৩৬) গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত মঙ্গলবার শুনানির দিন ঠিক করে তাকে কারাগারে পাঠিয়েছিল।
পাশাপাশি আলোচিত এই ঘটনার তদন্তে অগ্রগতির বিষয়েও জানতে চেয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি সাইফুল ইসলামের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজিরের দিন একটি অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলেছেন আদালত।”
গত ৮ জুন বন্দরে আসা একটি কনটেইনারের ১০৭ ড্রাম সূর্যমুখী তেলের নমুনা পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় কোকেনের অস্তিত্ব না পেলেও ঢাকার কয়েকটি পরীক্ষাগারে পরীক্ষা শেষে ২৭ জুন একটি ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়ার ঘোষণা দেন শুল্ক গোয়েন্দারা।
এরপর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, মোস্তফা কামাল এবং শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদকে।
আগেই গ্রেপ্তার করা হয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে।
এরপর ১২ জুলাই চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মেহেদী আলম নামের এক যুবককে, যিনি কোকেন পাচারের ‘জড়িত’ যুক্তরাজ্য প্রবাসী বকুল মিয়ার আত্মীয়।
সর্বশেষ ১৪ জুলাই সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওইদিন আদালত মামলায় চোরাচালানের ধারা সংযোজনেরও নির্দেশ দেন।
