২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদর ব্যাটালিয়নের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ ফেব্রুয়ারি

পিলখানার বিদ্রোহে 'জড়িত' সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী বছরের ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 06:58 AM

Updated : 25 Aug 2022, 01:47 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী বছরের ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ সোমবার মামলার ৭৩৫ আসামির সবার উপস্থিতিতে এ তারিখ ধার্য করে আদালত ওই দিন পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। বিদ্রোহের ঘটনায় এতো বেশি সংখ্যক বিডিআর সদস্যের বিরুদ্ধে আর কোনো মামলা হয়নি। রোববার একই আদালতে এই ব্যাটালিয়নের 'বিদ্রোহীদের' বিরুদ্ধে দায়ের মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সেদিন আসামিদের অনুপস্থিতে মামলার বাদী সুবেদার মুন্সী জাহাঙ্গীর আলম তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। সোমবার সকাল ১০টার মধ্যে সদর ব্যাটালিয়নের ওই সব আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রসিকিউটর সদর রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল আলম আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণের আবেদন জানান। শুনানি শেষে অভিযোগ গঠনের তারিখ ধার্য করে বেলা পৌনে ১২টার দিকে আদালত মুলতবি করা হয়। আসামিদের মধ্যে ২৯৮ জন বিভিন্ন মামলায় আগেই কারাগারে আটক ছিলেন। বাকি ৪৩৭ জন মুক্ত অবস্থায় রোববার পর্যন্ত ইউনিটে ছিলেন। রোববার আদালত তাদের সবাইকে বিদ্রোহের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার হাজির করার আদেশ দেয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। আদালতপ্রধানকে সহায়তায় আদালতসদস্য হিসেবে বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আলম পিএসসি ও মেজর মো. আলী মুসতাইন খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ (সাগর) আদালতে উপস্থিত ছিলেন। স্পেশাল প্রসিকিউটর হিসেবে মোশারফ হোসেন কাজল এবং বেলায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আদালত মুলতবির পর প্রসিকিউটর বদরুল আলম সাংবাদিকদের জানান, বিদ্রোহের সময় এই ব্যাটালিয়নের সদস্যদের হাতে সদর দপ্তরের নিরাপত্তার (রাইফেলস পুলিশ) দায়িত্ব ছিলো। এছাড়া কর্মকর্তাদের অনেকের গাড়ি এই ব্যাটালিয়নের সদস্যরা চালাতেন। বিদ্রোহ শুরুর কিছুক্ষণের মধ্যে এরা সব ফটক আটকে দেয়। গাড়ি চালকরা কর্মকর্তাদের রেখেই গাড়ি নিয়ে চলে যায়। তিনি বলেন, "এই ব্যাটালিয়নের সদস্যরা সেদিন বিদ্রোহে না জড়ালে বা বিদ্রোহ প্রতিহত করার চেষ্টা করলে এত ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটতো না।" বিচার চলাকালে অভিযুক্ত বিডিআর সদস্যদের বেতন-ভাতা, রেশন ও নিয়মমাফিক অন্যান্য সুবিধাদি নিশ্চিত করার জন্য আদালতের সভাপতি তাকে নিদের্শনা দিয়েছেন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল বদরুল। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ এর আগে বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের বিচার কাজ শুরু হয়। গত ২৬ জুন এ মামলায় ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব অপরাধের তদন্ত করছে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয় জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৪২৮ ঘ.