২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাইফেল সিকিউরিটির ৭৪ জন শুনলেন অভিযোগ

বিদ্রোহে 'জড়িত' পিলখানার রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) বিডিআর সদস্যদের বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন শেষে ১১৩ আসামির মধ্যে ৭৪জনকে পৃথক ভাবে অভিযোগ পড়ে শোনানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানার রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) বিডিআর সদস্যদের বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন শেষে ১১৩ আসামির মধ্যে ৭৪জনকে পৃথক ভাবে অভিযোগ পড়ে শোনানো হয়। পিলখানায় দরবার হলে সকাল ১০টায় আদালত বসার পর আভিযোগ গঠনের সিদ্ধান্ত জানিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। পর দুপুর দেড়টার দিকে আদালত সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়। ওইদিন কে দোষী কে নির্দোষ তা আদালত জানতে চাইবে। দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ এর বিচার কার্যক্রম চলছে। আদালত চলাকালে আসামি নায়েক মো. আলী আকবর এক আবেদনে এই মামলা থেকে জামিন এবং অব্যাহতি চান। আদালত তার আবেদন নথিভুক্ত করেন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এই আদালতের সভাপতিত্ব করেন। আদালতের অন্য দুই সদস্য হলেন লে. কর্ণেল এ কে এম গোলাম রব্বানী এবং মেজর সাঈদ তাপস। এটর্নি জেনারেলের পক্ষে ছিলেন মো. সোহরাওয়ার্দী। এই মামলার প্রসিকিউটর সিকিউরিটি ইউনিটের অধিনায়ক লে. কর্ণেল মো. অতিকুজ্জামান অভিযোগে বলেছেন, সিকিউরিটি ইউনিট হচ্ছে বিডিআরের অধীন একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা। এই সংস্থাকে বাহিনীর চোখ ও কান বলা হয়ে থাকে। এই সংস্থার প্রধান কাজ হলো আগাম তথ্য দেওয়া। কিন্তু বিদ্রোহে অভিযুক্তরা তা না করে সরাসরি বিদ্রোহে অংশগ্রহন করে। এমনকি বিদ্রোহের আগে এই ইউনিটের কোন কোন সদস্যের বিরুদ্ধে লিফলেট বিতরণের সঙ্গে জড়িত থাকারও প্রমান পাওয়া গেছে। শুধু তাই নয়, পিলখানার অনতিদূরে একটি কোচিং সেন্টারে লিফলেট তৈরির কাজ করা হলেও সে ব্যাপারে আগাম কোন তথ্য দেওয়া হয়নি। গত ৬ মে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে এই ইউনিটের বিচার শুরু হওয়ার পর ৮ মে পর্যন্ত চলে। ওই দিন আদালত ১৯ ডিসেম্বর পর্যন্ত মূলতবি ঘোষনা করা হয়। রেকর্ড উইং বিডিআর সদর দপ্তরের রেকর্ড উইংয়ের আরো ৪জন সাক্ষীর সাক্ষ্য প্রদান এবং তাদের জেরা সম্পন্ন হয়েছে রোববার। এ মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। মামলার সাক্ষী ছিলো ৪৬ জন। রোববার নতুন আরো দুইজন যুক্ত হওয়ার কথা জানানো হয়। ফলে সাক্ষীর সংখ্যা দাঁড়ায় ৪৮। এ মামলার মোট আসামি ১১১ জন। এদের মধ্যে রোববার ৪জন সাক্ষীকে মোট ২৮জন জেরা করেছেন। রোববার সকাল সোয়া ১০টার দিকে ১৩ রাইফেল ব্যাটালিয়নের নবগঠিত আদালত ভবনে আদালত শুরু হয়ে মাঝে একবার বিরতি দেওয়া হয়। পরে ২০ ডিসেম্বর সোমবার সকাল ৯টা পর্যন্ত মুলতবির ঘোষনা দিয়ে দুপুর একটার দিকে আদালতের কার্যক্রম শেষ হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আরএসইউ এবং রেকর্ড উইং এর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে, পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা, নিজ ইউনিটের কর্মকর্তা হয়েও আরএসইউ'র অভিযুক্তদের কর্তৃক মেজর আবু সৈয়দ গাজ্জালীর হত্যাকারির তথ্য গোপন করা উল্লেখযোগ্য। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটিসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬০২ ঘ.