২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার প্রচলিত আইনে: ফারুক খান

বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার সেনা আইনে করার দাবি উঠলেও বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় এবং বাস্তবতার আলোকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

সাভার (ঢাকা), জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার সেনা আইনে করার দাবি উঠলেও বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় এবং বাস্তবতার আলোকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে। রোববার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) নবীন সরকারি কর্মকর্তাদের ৪৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ফারুক খান বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত বিভিন্ন তদন্ত কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। শনিবার বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বিডিআর বিদ্রোহের মামলার বিচার সামরিক আইনে করার দাবি জানান। একই আবেদন জানিয়ে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সরকারের কাছে চিঠি দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। হাফিজউদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফারুক খান বলেন, "বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের পর যে বিরোধী দল নিশ্চুপ ছিলো, এতদিন পর তারা সরব হয়ে উঠেছে। জনগণকে নিয়ে সরকার পরিস্থিতি যখন শান্ত করেছে, তখনই বিরোধী দলের নেতারা নানা পরামর্শ দিতে শুরু করেছেন।" বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে সরকারকে এ জাতীয় পরামর্শ দেওয়ার আহবান জানান তিনি। ফারুক খান বলেন, "বিডিআর পুনর্গঠনের কাজ এগিয়ে যাচ্ছে এবং সরকার বিডিআরের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে।" তিনি বলেন, "পুনর্গঠনের মাধ্যমে বিডিআরকে এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে যে সংগঠন পেশাগত উৎকর্ষতায় সীমান্ত সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তে যাতে কোনও ব্যক্তি প্রতিপক্ষ বাহিনীর গুলিতে মারা না যায়, সে বিষয়ে সর্তক থাকবে।" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের জনগণের সেবায় আত্ম নিবেদন করার আহবান জানান। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রনালয়ের সচিব ইকবাল মাহমুদ। বক্তব্য রাখেন কোর্স উপদেষ্টা হোসাইন জামিল ও কোর্স পরিচালক সন্তোষ কুমার শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬৩৫ ঘ.