বগুড়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক এক জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের ঝাউতলা এলাকা থেকে মো. সাজ্জাদ হোসেন নামের এ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।
তিনি জানান, তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় করা মামলার (নম্বর-৬৫) সন্দেহভাজন আসামি তিনি।
ওসি জানান, সাজ্জাদ হোসেন (সিপাহী নম্বর-৭৭২২৪) বিডিআর সদর দপ্তরের ১৩ রাইফেলস ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি জয়পুরহাটের তেঘরবিশা সোনারপাড়া গ্রামে।
পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যায় শহরের ঝাউতলা এলাকায় যানজট লাগলে তা নিরসনের জন্য তিনি সেখানে যান। হঠাৎ ছোট চুল দেখে এক ব্যক্তিকে সন্দেহ হলে তিনি পরিচয় জানতে চান। তখন সাজ্জাদ হোসেন স্বীকার করেন তিনি বিডিআর সদস্য এবং পালিয়ে বেড়াচ্ছেন। পলাতক জীবন তার আর ভাল লাগছে না।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানাসহ দেশের বিভিন্ন ব্যাটেলিয়নে বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বিডিআর সদর দপ্তরে মহাপরিচালকসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24