ঢাকা, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)--টানা দুদিন অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পিলখানা সদর দপ্তর থেকে নারী ও শিশুসহ বিশজন বের হয়ে আসে।
এদের মধ্যে ছিলেন মেজর মাকসুদের স্ত্রী কামরুন্নাহার, ক্যাপ্টেন শামীমের শিশুপুত্র রাকিব, মেজর ফারজানা কালামের মা মিসেস কালাম এবং বেশ কয়েকজন শিশু ও নারী। এরা সবাই নিজেদের বাসায় বন্দি ছিলেন।
মেজর মাকসুদের স্ত্রী কামরুন্নাহার কান্নারুদ্ধ কণ্ঠে বলেন, "আমি দুদিন না খেয়ে আছি। আমার স্বামীর খবর আমি জানি না।"
মুক্তি পাওয়ার পর পিলখানা সদর দপ্তরের গেট দিয়ে বের হয়ে আসার পরই মুক্তির আনন্দে হাউমাউ করে কাঁদতে থাকেন অনেকে। শিশুদের দেখা যায় ভীত-সন্ত্রস্থ।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিডিআর সদর দপ্তরের বিদ্রোহী জওয়ানরা আবার গোলাগুলি শুরু করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ফজলুল করিম সেলিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জওয়ানদের প্রতিনিধিদের সঙ্গে আম্বালা ইন-এ বৈঠক করেন। প্রায় দুই ঘন্টা বৈঠকের পর জওয়ানদের প্রতিনিধিদল সদর দপ্তরে ফিরে যাওয়ার পর ওই আটকে পড়া নারী ও শিশুদের মুক্তি দেওয়া হয়।
ক্যাপ্টেন শামীমের শিশুপুত্র রাকিব মুক্তি পেয়ে কেঁদে উঠে বলে, "আমার বাবা কই?"
মেজর ফারজানা কালাম বলেন, মেয়ের খোঁজ তিনি জানেন না। বাসায় বন্দি ছিলেন। এ অবস্থায় চারবার বিডিআর সদস্যরা তার বাসায় এসে ব্যাপক ভাংচুর করেছে।
বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলেও ফারজানা কালাম অভিযোগ করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/এসআইটি/এসকে/১৫৪০ঘ.
bdnews24