০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বজিৎ হত্যায় যাবজ্জীবন সাজার আসামি লিমন গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যায় সাজার রায় মাথায় নিয়ে গত নয় বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন লিমন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 02:47 PM

Updated : 19 Dec 2022, 02:47 PM

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-২ জানায়, রোববার রাতে রাজধানীর মোহম্মদপুরের হুমায়ুন রোড এলাকা মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

এ হত্যা মামলায় বিচারিক আদালত লিমনকে মৃত্যুদণ্ড দিলেও পরে হাই কোর্ট সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সাজার রায় মাথায় নিয়ে গত নয় বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন লিমন। 

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে সূত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়।

ওই ঘটনায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রায় আসে ২০১৩ সালের ডিসেম্বরে। ২১ আসামির মধ্যে গতকাল গ্রেপ্তার হওয়া লিমনসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন সাজা দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মামলাটি হাই কোর্টে গেলে ২০১৭ সালের ৬ অগাস্ট আটজনের মধ্যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। বাকি ছয়জনের মধ্যে চারজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়; দুজন খালাস পান।

উচ্চ আদালত যে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল, তাদের মধ্যে একজন হলেন লিমন। হাই কোর্টে রায় ঘোষণার সময়ও লিমন পলাতক ছিলেন।

এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ড পাওয়া ১৩ আসামির দুজন হাই কোর্টে খালাস পান, বকি ১১ জনের যাবজ্জীবন বহাল থাকে।

পুরনো খবর

পুরানো খবর:

বিশ্বজিৎ হত্যায় যাবজ্জীবনের আসামি মোশাররফ গ্রেপ্তার
বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবনের আসামি ইউনুস ১০ বছর পর গ্রেপ্তার
মাগুরায় শিক্ষার্থীকে হত্যার দায়ে একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে মনির হত্যা: চারজনের সাজা কমে যাবজ্জীবন
রাজাকার সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
রায়ে বিস্মিত বিশ্বজিতের পরিবার
বিশ্বজিৎ হত্যা: শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি
বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে