আদালতে কর্মঘণ্টা কমল ৩০ মিনিট
হাই কোর্ট বিভাগ ও অধস্তন আদালতের বিচার কার্যক্রম ও অফিসের নতুন সময়সূচির বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী আলাদা দুইটি বিজ্ঞপ্তি জারি করেন।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কর্মঘণ্টা কমিয়ে সরকারি অফিস খোলার সময় এগিয়ে আনার পর এবার আদালতে বিচার কার্যক্রম ও অফিসের সময় আধাঘণ্টা কমানোর ঘোষণা এলো।
হাই কোর্ট বিভাগ ও অধস্তন আদালতের বিচার কার্যক্রম ও অফিসের নতুন সময়সূচির বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী আলাদা দুইটি বিজ্ঞপ্তি জারি করেন।
নতুন সময়সূচি অনুযায়ী উচ্চ ও অধস্তন আদালতের বিচারকাজের কর্মঘণ্টা আধাঘণ্টা কমেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সময়সূচিতে চলবে উচ্চ ও নিম্ন আদালতের বিচারকাজ।
নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে হাই কোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। দুপুরে নামাজের জন্য ৪৫ মিনিট বিরতি দিয়ে চলবে বেলা পৌনে ৩টা পর্যন্ত।
একইভাবে দুপুরে ৪৫ মিনিট বিরতি রেখে হাই কোর্টের অফিসের সময়সূচি করা হয়েছে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।
নতুন সময়সূচিতে বৃহস্পতিবার থেকে অধস্তন আদালত বিচার কাজে বসবে সকাল সাড়ে ৮টায়। দুপুরে ৪৫ মিনিট নামাজের বিরতির পর চলবে বেলা আড়াইটা পর্যন্ত। একইভাবে অধস্তন আদালতের অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
দুপুরে ৪৫ মিনিট বিরতি নিয়ে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অধস্তন আদালতের অফিসের কার্যক্রম।
চলতি সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলছিল হাই কোর্টের বিচারকাজ। এর মাঝে দুপুরে নামাজের জন্য ৪৫ মিনিট বিরতি ছিল। আর অধস্তন আদালতের বিচারকাজ চলতো সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত। দুপুরে বিরতি থাকত ৪৫ মিনিট।
তবে সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের বিচার কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন না আনলেও অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আপিল বিভাগের অফিস চলবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এতদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত আপিল বিভাগের বিচার চলে আসছে।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ জ্বালানির আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা তৈরি করেছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। ফলে সম্প্রতি দেশজুড়ে লোড শেডিং ফিরে এসেছে। জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানো হয়েছে ৫০ শতাংশ পর্যন্ত।
