২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে কর্মকর্তাদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

“এখানে হয়তো আমার সাথে যারা ছিল তারা নেই, রিটায়ারড করে গেছে বা চলে গেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 05:16 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

রোজার মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, “এমন একটা সেক্টরে আমরা আছি বা এমন একটা সময়ে আমরা আসলাম যে, কাল থেকে রোজা শুরু হবে। আর বিদ্যুৎ ছাড়া কিছুই হয় না। সুতরাং এটা এনশিওর করতে হবে আপনাদেরকে।

“এবং প্রত্যেকের মধ্যে একটা স্পিরিট থাকতে হবে যে, এই রোজা আমরা নির্বিঘ্নে কাটিয়ে দেব। যত কম সম্ভব লোড শেডিং দিয়ে। টেকনিক্যাল কারণে হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং, সেইটা আলাদা।”

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন বুধবার দুপুরে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে গিয়ে টুকু বলেন, “আমার কাজ হবে যে প্রস্তুতি নেওয়া আছে তা এগিয়ে নেওয়া। এরপর আমরা চলে যাব এবং আপনারা থাকবেন।

“আমরা চাই এমন একটা প্রশাসন থাকুক, যে প্রশাসনের কাছে থাকবে শুধু বাংলাদেশ। যেমন আমার প্রাইম মিনিস্টার বলছে ‘বাংলাদেশ ফার্স্ট’, আমাদের কাছেও ‘বাংলাদেশ ফার্স্ট’।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। ২০০১ সালে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়ে পান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব। 

এবার বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পাওয়া টুকু বলেন, “আমি চাই না যে, আমার প্রতিষ্ঠান বা আমার ইন্ডাস্ট্রি কোনো দলীয় লোক দিয়ে পরিচালিত হোক। তাহলে তাদের কাজ হবে দেশের কাজ করা, তার বাইরে কোনো কাজ নেই। তো সেই জন্যই আমি আপনাদের বলছি, আমি এখানে কাজ করে গেছি এবং আমি অভ্যস্ত।

“এখানে হয়তো আমার সাথে যারা ছিল তারা নেই, রিটায়ারড করে গেছে বা চলে গেছে। কিন্তু আপনাদের সাথে আমি নতুন করে কাজ শুরু করছি। তো আপনাদের কাছে আমি ফুল কোঅপারেশন চাইব দেশের জন্য।”