২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলা ব্লকেড’: মেট্রোরেলে ‘ঠাঁই নাই’

অনেকে টিকেট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছে না, তাই প্ল্যাটফর্মেও ভিড় বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 05:10 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অবরোধের কারণে রাজধানীর মেট্রোরেলের ওপরে যাত্রী চাপ বেড়েছে ব্যাপকমাত্রায়। 

বুধবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ থাকায় গন্তব্যে পৌঁছাতে স্টেশনে স্টেশনে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছেন। টিকেটের লাইনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। অনেকে ঘণ্টাখানেক দাঁড়িয়ে টিকেট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছেন না। তাতে প্ল্যাটফর্মেও বাড়ছে ভিড়। 

সকাল থেকে আন্দোনলকারীরা সায়েন্স ল্যাব, শাহবাগ, হাই কোর্টের কাছে মৎস্যভবন মোড়, বাংলামোটর, ফার্মগেইট, আগারগাঁও অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশিরভাগ সড়কে সকালে কিছু পরিবহন দেখা গেলেও বেলা বাড়লে সেই সংখ্যা কমতে থাকে। তাই নিয়মিত যাত্রীদের বাইরেও অনেকে এদিন বাধ্য হয়ে মেট্রোরেল ধরতে স্টেশনে যান। 

দুপুরের পর থেকে স্টেশনগুলোতে চাপ এত বেড়ে যায় যে, টিকেট হাতে নিয়ে অনেকে ট্রেন পর্যন্তও পোঁছাতে পারেননি। 

সচিবালয় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিড় কাকে বলে দেখেন। সেই ২টায় স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বাজে ৩টা। ট্রেন ইতোমধ্যে তিনটা চলে গেছে। আমি ট্রেন পর্যন্ত পৌঁছাতে পারিনি। সচিবালয়ে থেকে আগারগাঁও যাওয়ার পথে পথে অবরোধ। সেজন্য উপায়ান্তর না দেখে মেট্রোরেল ধরতে এসেছিলাম। তাতেও লাভ হল না।”

শাহবাগ থেকে মতিঝিল এসেছেন আবিদুর রহমান। তিনি বলেন, “শাহবাগ এলাকায় অনেক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। কোনো গাড়ি যেতে দিচ্ছে না। সেজন্য শাহবাগ থেকে আমি মতিঝিলে এসেছি। দুপুর সাড়ে ১২টায় শাহবাগ স্টেশনে এলেও টিকেট পেতে আমার ৪৫ মিনিট লেগেছে। লম্বা লাইন। কিছু করার নেই। 

“দুইটা ট্রেন মিস করেছি। পরে ট্রেনে কোনোমতে উঠে মতিঝিল এসেছি। ট্রেনের ভেতরে গায়ে গায়ে লাগা যাত্রীরা। ভীষণ চাপ ট্রেনের ভেতরে। কি যে অবস্থা। আমি নিজেও ট্রেনের ভেতরে কোনোভাবে দাঁড়িয়েছিলাম অনেক কষ্ট হয়েছে।”

মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফরিদা কানিজ বলেন, “বাচ্চা নিয়ে ট্রেনের ভেতরে ভীষণ কষ্ট হয়েছে। আমি প্রায়ই  মেট্রোরেল চড়ি। কিন্তু আজকে বুঝতে পেরেছি মেট্রোরেলের কষ্ট ভীষণ। আমার বাচ্চা রাগ করে আমাকে বলেছে, আম্মু আজকে এত ভিড় কেন? চলো গাড়িতে যাই। তাকে তো বলতে পারছি না যে গাড়ির চাকা বন্ধ হয়ে আছে।”

বিভিন্ন এলাকার বাসিন্দারা রিকশায় করে বা হেঁটে মেট্রোরেল স্টেশন পর্যন্ত এসে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সচিবালয় মেট্রোরেল স্টেশনে একজন নিরাপত্তাকর্মী।

কোর্টে মামলা সংক্রান্ত কাজ শেষ করে রিকশায় করে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা সালমান হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস নাই, অনেক কষ্ট করে মেট্রোরেলের টিকেট নিয়েছি। অবস্থা এমন যে টিকেট কাটাই কঠিন। যে ভিড়, উঠতে পারব কি না চিন্তায় আছি।"

মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে গিয়ে একই চিত্র দেখা যায়।  দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে টিকেট সংগ্রহ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর টকমকে তিনি বলেন, "জরুরি কাজে শ্যামলী যেতে হচ্ছে, টিকেট কাটার জন্য অনেক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আজকে অন্য দিনের তুলনায় অনেক ভিড়।"

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাস্টমার রিলেশন অফিসার শরিফ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকেই মেট্রোরেলে চাপ অনেক বেড়েছে। এখন যে চাপ দেখছেন সেটা কিছুই না। একটু পরে চাপ অনেক বেড়ে যাবে।"

এদিকে সর্বোচ্চ আদালত কোটার ওপর স্থিতাবস্থা জারি করলেও সংসদে আইন পাস করে সরকারি চাকরির কোটাব্যবস্থার ‘যৌক্তিক’ সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

তাদের দাবি, শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সরকারি চাকরির সকল গ্রেডে সকল ধরনের কোটা বাতিল করতে হবে। 

সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে রায়ের প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলকারীরা।

আরো পড়ুন

কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান কাদেরের

সরকারি চাকরির কোটা নিয়ে ‘স্থিতাবস্থা’ জারি

কোটা সংস্কারের এক দফা দাবিতে পথে পথে অবরোধ, ভোগান্তি