চীনা কোম্পানির ড্রিলিংয়ে গ্যাস পাইপ ছিদ্র, জানানোই হয়নি জিটিসিএলকে
“একটি চাইনিজ কোম্পানির কোনো একটা কাজ চলছে সেখানে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ না করেই কাজ শুরু করে।”
চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে গ্যাস সঞ্চালন সংস্থা জিটিসিএলকে কিছুই না জানিয়ে তাদের ৪২ ইঞ্চি ব্যাসের একটি পাইপের ওপর চীনা কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদার প্রতিষ্ঠান খননকাজ চালাতে গিয়ে সেটি ছিদ্র করে ফেলায় সরবরাহে সংকট তৈরি হয়েছে।
মঙ্গলবার বিকালে খননকাজের একপর্যায়ে সঞ্চালন লাইন ছিদ্র হয়ে যায়; কিছুক্ষণের মধ্যে মাটির ১০ মিটার গভীরে গ্যাসের ফেনা জমতে শুরু করে।
জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য দিয়েছন।
তিনি বলছেন, “একটি চাইনিজ কোম্পানির কোনো একটা কাজ চলছে সেখানে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ না করেই কাজ শুরু করে। কোম্পানির নাম আমরা সঠিকভাবে জানতে পারিনি।
“খননকাজের কারণে মঙ্গলবার বিকালের দিকে পাইপলাইনে ছিদ্র হয়ে যায়। রাতের দিকে আমরা বিষয়টা বুঝতে পেরেই লাইনটি বন্ধ করে দেই।”
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ লাইন মেরামত করা সম্ভব হবে জানিয়ে শাহনেওয়াজ বলেন, “সামান্য ছিদ্র হয়েছে। তবে ছিদ্র সামান্য হলেও অনেক প্রক্রিয়া মেনে এটি মেরামত করতে হবে। মূল কাজ শেষ করতে ২৪ ঘণ্টার বেশি লাগবে না। তবে এরপর টেস্টিং, কমিশনিংসহ আরও কিছু কাজ, সব মিলে একটা লম্বা প্রক্রিয়া। সেখানে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে।
“স্পর্শকাতর জায়গায় কীভাবে তারা রিগ চালায়, সেটাই আশ্চর্য লাগছে। সাধারণত আমরা যখন সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে কাজ করি, তারা আমাদের কাজ শুরুর আগে জানায়। আমরা তাদেরকে পাইপের অবস্থানের তথ্য দেই। সেই অনুযায়ী তারা কাজ করে। তারা রুট, ডিজাইন চায়। কিন্তু এ ক্ষেত্রে তারা আমাদের কাছে কিছুই চাইল না। ঘটনাটা ঘটাইলো আরকি।”
জিটিসিএলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কর্ণফুলী নদীতীর থেকে ৫০০ মিটার দূরে মাটির ১০ মিটার গভীরে পাইপলাইনটির অবস্থান।
পেট্রোবাংলার প্রতিবেদনে দেখা যায়, মঙ্গলবার সারা দেশে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলেও বুধবার তা ২ হাজার ৪৬৪ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। গ্যাস সরবরাহ আরও কমতে পারে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা ধারণা দিচ্ছেন।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইন) মো. কামরুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা যেহেতু ঘটেছে, ব্যবস্থা একটা অবশ্যই নেওয়া হবে। আমরা এখনও দায়ী ওই কোম্পানির নাম জানতে পারিনি, তবে ওটা চাইনিজ কোম্পানি। আগামী দুই-এক দিন পর বিষয়টি স্পষ্ট হবে।”
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি মিশ্রণের পর সরকার সর্বোচ্চ ৩ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটের যোগান দিতে পারে।ছিদ্র হওয়া পাইপলাইন বন্ধ রাখায় সব মিলে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্প ও আবাসিক খাতে বিদ্যুৎ সংকট বাড়ছে।
গত মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরবরাহ নেমে আসে ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটে। যে কারণে গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে এক জরুরি বার্তায় একটি গুরুত্বপূর্ণ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দেয় জ্বালানি বিভাগ।
মন্ত্রণালয়ের জরুরি বার্তায় বলা হয়, জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে তিতাস ও বাখরাবাদ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় ওই বার্তায়।
কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও কিছু অঞ্চলে গ্যাস দেয় বাখরাবাদ। আর ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বড় অংশের গ্যাস সরবরাহ করে তিতাস।
এদিকে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার মেগাওয়াটের বেশি উঠলেও বুধবার ঘণ্টাপ্রতি উৎপাদন ১২ হাজার মেগাওয়াট থেকে সাড়ে ১২ হাজার মেগাওয়াটের মধ্যে ছিল। ফলে সারা দেশে ১ হাজার ৫০০ থেকে দুই হাজার মেগাওয়াট করে লোডশেডিং দিতে হয়েছে।
