গ্যাস লাইনে ফাটল, কমছে সরবরাহ
জ্বালানি বিভাগের এক জরুরি বার্তায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। ফলে গ্যাস সরবরাহ আড়াইশ মিলিয়ন ঘনফুট কমে গেছে।
সারা দেশে গ্যাস সংকটের মধ্যে জাতীয় সরবরাহ গ্রিডের ৪২ ইঞ্চি গোলাকার একটি পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় গ্যাসের চাপ আরও কমার তথ্য এসেছে।
মঙ্গলবার রাতে জ্বালানি বিভাগের এক জরুরি বার্তায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। ফলে গ্যাস সরবরাহ আড়াইশ মিলিয়ন ঘনফুট কমে গেছে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি মিশ্রণের পর সরকার সর্বোচ্চ ৩ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটের যোগান দিতে পারে।
ফলে শিল্প ও বাসাবাড়ির অনেক সংযোগে গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সারা বছর লেগে থাকতে দেখা যায়।
গত মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরবরাহ নেমে আসে ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটে। যে কারণে গ্যাস সংকটে গত এক মাসেরও বেশি সময় ধরে ভুগছে শিল্প কারখানা।
এমন পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
মন্ত্রণালয়ের জরুরি বার্তায় বলা হয়েছে, জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে তিতাস ও বাখরাবাদ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে ওই বার্তায়।
কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও কিছু অঞ্চলে গ্যাস দেয় বাখরাবাদ। আর ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বড় অংশের গ্যাস সরবরাহ করে তিতাস।
পেট্রোবাংলার একজন কর্মকর্তা বলেন, এ সমস্যার কারণে জাতীয় গ্রিডে বা সঞ্চালন লাইনে আরও আড়াইশ মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যেতে পারে।
