বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ‘জাতীয় সরকারের’ রূপরেখা রাতেই
“ছাত্র-জনতা এই আন্দোলনের যারা মূল স্টেকহোল্ডার তাদের ইচ্ছার প্রতিফলন সেখানে থাকতে হবে”, বলেন সমন্বয়ক আসিফ মাহমুদ।
রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষক এবং ছাত্র-নাগরিক ‘অভ্যুত্থানে’ অংশগ্রহণকারীদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেবে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নামার পর সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার রাত ৮টায় ঢাকার কারওয়ানবাজারে সার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলনে এই রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
মঙ্গলবার রাতে বেসরকারি চ্যানেল টোয়েন্টিফোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, তাদের দেওয়া রূপরেখাটি বাস্তবায়ন করতে হবে।
“আমরা একটি রূপরেখা প্রণয়ন করব। তার ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হবে। …সেটিকেই বাস্তবায়ন করতে হবে।
“ছাত্র-জনতা এই আন্দোলনের যারা মূল স্টেকহোল্ডার তাদের ইচ্ছার প্রতিফলন সেখানে থাকতে হবে।”
অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ আট জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, “বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থার বিলোপের মাধ্যমে চূড়ান্ত বিজয় হবে।
তিনি বলেন, “শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো তা বজায় রয়েছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে।”
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নিয়ে তিনি বলেন, “আমরা এটি খুব শিগগিরই জাতির সামনে তুলে উপস্থিত করব।
“যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে সেই সব প্রতিনিধি, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা ভাবছি। তবে সেখানে ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় যারা ছিল বা তাদের দোসর, সমর্থক তাদের কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না।”
এই অবস্থায় ছাত্র আন্দোলন চলমান থাকবে কি না এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “যতদিন অভীষ্ট লক্ষ্য অর্জন হবে না ততদিন আমরা রাস্তায় থাকব। এই আন্দোলনও চলমান থাকবে।”
সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ-আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো।
শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের দিল্লিতে আছেন বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর।
শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি।
তার ভাষণের আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে ছিলেন আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে থাকা বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির নেতারাও।
