১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছিনতাই: হাটে 'ক্যাশলেস লেনদেনে' উৎসাহিত করার কথা বলল র‍্যাব

কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোন নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারী অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 12:43 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

কোরবানির ঈদে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের মত ঘটনা প্রতিরোধে 'কার্যকরী ব্যাবস্থা' নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

একইসঙ্গে হাটগুলোতে নগদ লেনদেন পরিহার করে ‘ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে’ মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

রোববার ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আহসান হাবীব পলাশ।

র‍্যাবের মহাপরিচালক বলেন, "পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সেজন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতায়ের মত ঘটনা প্রতিরোধে র‍্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে।"

এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, "কোরবানির পশুরহাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।"

তিনি বলেন, কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোন নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়া নিরাপদে গবাদি পশু হাটগুলোতে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটলিয়নগুলো তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবস্ট পেট্রোলিং পরিচালনা করছে এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে।

র‍্যাব প্রধান পলাশ আরো বলেছেন, জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

"পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‍্যাবের সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী এবং আভিধানিক কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন মহাপরিচালক।