২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ‘অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়’, সতর্ক করলেন লর্ড কার্লাইল

“২০২৪ সালের পর থেকে চলমান রাজনৈতিক অস্থিরতা একাধিক সংকট সৃষ্টি করেছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 12:29 AM

Updated : 26 Aug 2026, 02:37 PM

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ‘অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়’, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল। 

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার বাংলাদেশের যে আদালতে চলছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘আন্তর্জাতিক মানে’ উন্নীত করতে ‘জরুরি সংস্কার প্রয়োজন’ বলেও তিনি মত দিয়েছেন। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে লর্ড কার্লাইল বলেছেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয়। ২০২৪ সালের পর থেকে চলমান রাজনৈতিক অস্থিরতা একাধিক সংকট সৃষ্টি করেছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।”

এমন এক সময়ে তার এই বিবৃতি এল, যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে। 

২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে সাড়ে ১৫ বছর দেশ শাসন করে আওয়ামী লীগ। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যান। 

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া তিনটি জাতীয় নির্বাচনের মধ্যে দুটি বর্জন করে অধিকাংশ বিরোধী দল। বড় দলগুলোর বর্জনে এসব নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না, সেই প্রশ্ন ওঠে।  

নানা অনিয়মের অভিযোগে বিদ্ধ সেসব নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সে সময় প্রশ্ন তোলে। 

লর্ড কার্লাইল তার বিবৃতিতে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে অতীতের ভুল যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রচেষ্টা নিতে হবে এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে তা নিশ্চিত করতে হবে।

“বাংলাদেশের সমাজের সব অংশকেই এই প্রক্রিয়ার অংশ হতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্জাগরণে, তাদের চেতনা ও সংস্কৃতি পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”

২০২৪ সালে যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, সেই আন্দোলন দমাতে চালানো সহিংসতায় প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং আরও কয়েক হাজার আহত হওয়ার তথ্য আসে জাতিসংঘের এক প্রতিবেদনে। 

সেখানে বলা হয়, আন্দোলন দমাতে গিয়ে ‘সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার’ বলপ্রয়োগ করা হয়েছিল সে সময়।

ওই বিক্ষোভ দমনে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার চলছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসাবে আওয়ামী লীগের বিচারেরও পথ তৈরি করেছে।

লর্ড কার্লাইল তার বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। তবে বর্তমানে যে অবস্থায় এই আদালত পরিচালিত হচ্ছে, তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে জরুরি সংস্কার প্রয়োজন। বিচারগুলোকে হতে হবে স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং সংবিধান ও আইনের প্রতি কঠোরভাবে অনুগত।”

তিনি বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়গুলো এখন মারাত্মক চাপের মধ্যে রয়েছে; তাদের নিরাপত্তা রাষ্ট্র এবং বিরোধী উভয় পক্ষের কাছ থেকেই নিশ্চিত করতে হবে।

“আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করছে। তাই আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।”

পুরনো খবর 

জাতিসংঘে চিঠি দিয়ে নির্বাচনে সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে 'কোনো কাজ হবে না': পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে