২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় নিতে চায় ঢাকা-টোকিও

আগামী নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন শেখ হাসিনা।

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় নিতে চায় ঢাকা-টোকিও

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিট্যান্ট মিনিস্টার আরিমা ইউতাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 10:38 PM

Updated : 27 Oct 2022, 10:38 PM

আগামী নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করতে চায় ঢাকা ও টোকিও।

ঢাকায় বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিট্যান্ট মিনিস্টার আরিমা ইউতাকার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিতে চাইছে বাংলাদেশ ও জাপান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে সম্পর্ককে সমন্বিত অংশীদারিত্বের মাত্রায় উন্নীত করেছিল দুদেশ। একই বছরে জাপানের তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরে ‘বিগ-বি’র আওতায় গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব তৈরি করা হয়েছিল।

আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায়, দুদেশের মধ্যে দুই বা ততধিক দেশের সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের নিবিড় অবস্থা হল ‘কৌশলগত অংশীদারিত্ব’।

সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত অংশীদারিত্বের মধ্যে তুলনা করে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, “কমপ্রিসেনসিভ পার্‌টনারশিপ (সমন্বিত অংশীদারিত্ব) হলো ভালো-মন্দ সবকিছু মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক।

“স্ট্র্যাটেজিক পার্টনারশিপের (কৌশলগত অংশদারিত্ব) ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিষয়ের বাইরে একটু বৃহৎ অনুষঙ্গ নিয়ে চিন্তাভাবনা করবেন, সেই রকম আর কী। আপনি যখন কম্প্রিসেনসিভ বলেন, এটা বলতে বোঝায় দ্বিপক্ষীয়, ছোট-বড় সব বিষয় এর মধ্যে ঢুকতে পারে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপের বিষয় হলো আপনি দুদেশের বাইরেও চিন্তাভাবনা করতে পারেন। দুইয়ের বাইরেও আপনার মধ্যে আলাপ-আলোচনা হতে পারে।”

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি হুমায়ুন বলেন, “জাপানের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আছে। সেখানে সমন্বিত অংশীদারিত্ব সবকিছু কাভার করছে। এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে কী যুক্ত হয়, সেটা দেখার বিষয়।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিমা ইউতাকা।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সফরের সময়ে উভয়ের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করা হবে বলে আশা করছে দুদেশ। এর মধ্যে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা সংলাপ ও বিনিময় এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় রয়েছে।

জলবায়ু, জাতিসংঘের সংস্কার, নিরস্ত্রিকরণ ও অস্ত্র বিস্তার রোধসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একত্রে কাজ করার বিষয়েও ইচ্ছা প্রকাশ করেছে উভয় দেশ।

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের সময় অন্যদের মধ্যে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।