১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এভারেস্ট জয় করলেন আরেক বাংলাদেশি নারী নুরুননাহার নিম্নি

এদিন নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়া স্পর্শ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 07:46 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি।

নুরুননাহার নিম্নি তৃতীয় বাংলাদেশি নারী পর্বতারোহী, যিনি এভারেস্ট জয় করলেন।

বুধবার বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি।”

এদিন নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়া স্পর্শ করেন। 

অভিযান ব্যবস্থাপনা সংস্থা 8K Expedition থেকে অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় তথ্য নিশ্চিত করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিএমটিসি জানায়, অভিযাত্রী নুরুননাহার নিম্নি ১১ এপ্রিল ২০২৬ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সোমবার তিনি ক্যাম্প-২ (৬৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন এবং রাতে ক্যাম্প-৩ (৭২০০ মিটার) এ অবস্থান করেন।

মঙ্গলবার ভোরে ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটা নাগাদ ক্যাম্প-৪ এ পৌঁছান তিনি। সেখানে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার পর তিনি চূড়ার উদ্দেশ্যে তার চূড়ান্ত অভিযান শুরু করেন।

বিএমটিসির পরিকল্পনায় ও পূবালী ব্যাংক পিএলসির স্পন্সরে নিম্নির এভারেস্ট অভিযানের কথা তুলে ধরে সংগঠনের সভাপতি ইকরামুল হাসান শাকিল বলেছেন, “সারারাত দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে বুধবার ভোরে নিম্নি এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান এবং পরম গৌরবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন। তার সাথে ছিল দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।”

এদিন নিম্নি ক্যাম্প-৩-এ নেমে এসেছেন এবং ক্যাম্প-২ নেমে আসতে পারবেন বলে বিএমটিসি জানিয়েছে। 

এর আগে প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে এবং এর এক সপ্তাহের মাথায় দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন।

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পাঁচ জন বাংলাদেশি এভারেস্ট জয় করেন। তারা হলেন- বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মুহিত (দুবার), নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও মো. খালেদ হোসাইন। 

২০২৪ সালের মে মাসে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় লাল সবুজ পতাকা ওড়ান বাংলাদেশের আরেক পর্বতারোহী বাবর আলী। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তিনি একই অভিযানে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসেও জয় করেন।

আগের খবর:

দুই চূড়ায় লাল-সবুজের পতাকা হাতে বাবর আলী