Published : 01 Nov 2025, 07:33 PM
দেশে গত একদিনে নতুন করে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে, এ সময়ে এ রোগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫১৩ জন, যাদের মধ্যে ২৭৮ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন অক্টোবর মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষ ৪১৬ জন এবং নারী ২৩৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে; সেখানে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর বাইরে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২০ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ১৩ জন, সিলেটে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হননি।
এইডিস মশাবাহিত এ রোগে অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ হাজার ৫২০ জন, যা দশ মাসের মধ্যে সর্বোচ্চ।
সেপ্টেম্বরে ৭৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে হন।
এর আগে অগাস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মার্চ মাসে কেউ মারা যায়নি।
অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।