২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র: ইসিতে আপিলের আরও ১৭৪ আবেদন

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন শুক্রবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য দেন। এ নিয়ে মোট আপিল আবেদন দাঁড়াল ৪৬৯টিতে।

রুহুল আমিন মল্লিক বলেন, বৃহস্পতিবার ১৬৪টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ও ১০টি গ্রহণের বিরুদ্ধে আপিল হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে।

প্রথম দিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। আর তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে চারদিনে মোট ৪৬৯ টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।