যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত বুধবার
বর্তমানে মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল অব্যাহত আছে।
কোটা সংস্কার আন্দোলনে ঢাকার মহাখালীতে বাধার মুখে পড়ে বৃহস্পতিবার দুপুরে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ এখনো সচল হয়নি।
যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম।
তিনি মঙ্গলবার রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, “আগামীকাল (বুধবার) এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তা মাসুম।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান মঙ্গলবার রাতে বলেন, “শুক্রবার থেকে ঢাকা, সিলেটসহ কোনো গন্তব্যেই ট্রেন ছাড়েনি। ট্রেন ছাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।”
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
