সাবেক পৌর মেয়রসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদক বলছে, তারা দেশ ছেড়ে পালাতে পারেন বলে ‘বিশ্বস্ত সূত্রে’ জানতে পেরেছে তারা।
দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা জেলার লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক, ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার দুদকের পৃথক দুই আবেদনের শুনানি করে এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আদেশ পাওয়া অন্যরা হলেন- কুমিল্লা জেলার লাঙ্গলকোট খাটাচৌ হাজীবাড়ী এলাকার মো. আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান বাড়ী এলাকার মো. সামছুদ্দীন কালু ও ঢালুয়াবাজার বড় বাড়ী এলাকার মো. ইউসূফ ভূইয়া।
আব্দুল কাদের ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান।
আবেদনে বলা হয়, আব্দুল কাদের ফারুক ও অন্যান্যদের বিরুদ্ধে পুঁজিবাজারে ‘ব্যাপক অনিয়ম ও জালিয়াতির’ অভিযোগের অনুসন্ধান চলছে।
“অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আব্দুল কাদের ফারুক যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন।”
বাকি চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট এসব ব্যক্তিদের বিরুদ্ধে ‘টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ অনুসন্ধান চলছে।
“তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।”
