সাবেক এমপি রিমনের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদের’ মামলা
জানা আয়ের বাইরে প্রায় ৩৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বরগুনা-২ আসনের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে প্রায় ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ মামলাটি দায়ের করার তথ্য দিয়েছেন সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
এছাড়াও ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৫৮২ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মেলায় রিমনের স্ত্রী মিসেস রওনক রহমানের সম্পদ বিবরণী দাখিল করতে বলেছে দুদক।
মামলার এজাহারে বলা হয়েছে, বরগুনার বেতাগী, বামনা ও পাথরঘাটার সাবেক সংসদ সদস্য শওকত হাচানুরের নিজ নামে ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের নথি পাওয়া যায়। একই সময়ে তার ১৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯৯৭ টাকা দায়-দেনা পাওয়া যায়। দায়-দেনা বাদ দিলে তার ২০ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৬৯০ টাকার সম্পদ থাকে।
১৯৯৪-৯৫ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার মোট পারিবারিক ব্যয় ১৬ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৪৫ টাকা। এ ব্যয় ধরে তার অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫৩৪ টাকা।
কিন্তু সাবেক এই এমপির ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭০ টাকা আয়ের বৈধ উৎস জানা গেছে।
এ হিসাবের ভিত্তিতে জানা আয়ের বাইরে তার ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।
গত ১৭ সেপ্টেম্বর শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সাবেক এই সংসদ সদস্যের নিজ নামে ল্যান্ড ক্রুজার প্রাডো, মাইক্রো বাস, টয়োটা প্রিমিও কারসহ ৩টি গাড়ি, স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে ও নগদ ১৮ লাখ ৫০ হাজার ৫৪০ টাকার তথ্য পাওয়ার কথা বলেছে দুদক।
এছাড়া তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য দুদক গোয়েন্দারা জেনেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
গত ১৬ অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে শওকত হাচানুর সংসদ সদস্য নির্বাচিত হন।
পুরনো খবর:
