২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের চেয়ারম্যান কামরুজ্জামানকে কেন জামিন নয়, রুল হাই কোর্টের

গত ১৪ মে লুটুনের কাছে পরাজিত প্রার্থীর সমর্থক ওছিকুর ভূঁইয়া গুলিতে নিহত হন; এই হত্যা মামলায় লুটুন এখন কারাগারে।

গোপালগঞ্জের চেয়ারম্যান কামরুজ্জামানকে কেন জামিন নয়, রুল হাই কোর্টের
গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া। ফাইল ছবি।

বিডিনিউজ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 11:59 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

নির্বাচন-পরবর্তী সহিংসতার এক হত্যা মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

আসামির জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম সুজন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। 

মামলার এজাহার থেকে আমিন উদ্দিন মানিক বলেন, গত ১৪ মে রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিজয়ী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ও নির্দেশে পরাজিত প্রার্থী লিয়াকত আলীর সমর্থক ওসিকুর ভূঁইয়াকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনার মামলায় কামরুজ্জামান গত ১৯ মে হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম পান। জামিন শেষে গত ৩০ জুন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক বলেন, “শুনানি শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় জামিন দেয়নি হাই কোর্ট বেঞ্চ। তবে জামিন কেন দেওয়া হবে না, সেই প্রশ্নে ১০ দিনের রুল দিয়েছেন বিচারকরা।”

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮ মে যেসব উপজেলায় ভোট হয়, তার মধ্যে একটি গোপালগঞ্জ সদর উপজেলা। ওই নির্বাচনে বিজয়ী হন কামরুজ্জামান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বি এম লিয়াকত আলী।

ভোটের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল, যার জেরে ১৪ মে রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় লিয়াকত আলীর সমর্থক চা-বিক্রেতা ওসিকুর গুলিতে নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। ওসিকুরের বাড়ি চন্দ্রদিঘলিয়ায়।

ওসিকুরকে হত্যার প্রতিবাদে চন্দ্রদিঘলিয়া গ্রামের হাজার হাজার মানুষ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেখানে যোগ দেন লিয়াকত আলীর সমর্থক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

হত্যাকাণ্ডের পর ১৭ মে রাতে নিহত ওসিকুরের বোন পারুল বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন, যেখানে প্রধান আসামি করা হয় চেয়ারম্যান কামরুজ্জামানকে। 

আসামি হিসেবে নাম উল্লেখ করা হয় চেয়ারম্যানের ছোট ভাইয়ের শ্বশুর (তালুই) কালু ভূঁইয়া, কালু ভূঁইয়ার ছেলে চয়ন ভূঁইয়া, সমর্থক হিদু ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান, মিনহাজ ভূঁইয়াসহ ২৩ জনের। এ ছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার পর সন্দেহভাজন আসামিরা আগাম জামিন পান। তবে মেয়াদ শেষে তারা আদালতে আত্মসমর্পণ করলে ১৭ জনকে কারাগারে পাঠান আদালত।