২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে রাজনৈতিক দলের কাছ থেকে ‘দূরে থাকতে’ বললেন উপদেষ্টা

“আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পরে তেল শেষ হয়ে যাবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

দেশের মানুষের পাশে থাকার জন্য পুলিশ সদস্যদেরকে রাজনৈতিক দলের কাছ থেকে ‘দূরে থাকতে’ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজনৈতিক কোনো দলের পক্ষাবলম্বন এবং বিশেষ সুবিধা প্রদানেও ‘বিরত থাকার’ নির্দেশনা দিয়ে তিনি বলেন, “নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশী শক্তি কখনোই শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না। এখন যারা পরাজিত, ১০ বছর পর তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।”

নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ‘নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচীর’ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রোববার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ধাপে ধাপে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

পুলিশের সব কাজ ‘জনস্বার্থে এবং আইন দ্বারা পরিচালিত’ হওয়ার বিষয়টি ‘স্মরণ করিয়ে’ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদের আমি বলছি যে, আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি।

“আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পরে তেল শেষ হয়ে যাবে। যে তেলটা রিজার্ভ করে রাখছে সে তখন কিন্তু তেল দিয়া উতরে যাবে। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্খা সেটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।”

এ সময় সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র আইনশঙ্খলা বাহিনীর উপর ‘নির্ভর করে না’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এটার কতগুলো স্টেকহোল্ডার রয়ে গেছে। এরমধ্যে একটা হল জনগণ, তারা কীভাবে নির্বাচনটা করতে চায়। সবচেয়ে বড় স্টেকহোল্ডার যদি বলি পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছে? তারপরে আছে প্রশাসন, তারপরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।

“এখন সবার সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ, আমাদের প্রধান উপদেষ্টার যে আশা একটা উৎসবমুখর নির্বাচন এটা কিন্তু সম্ভব হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে কাজটা ওইটা আমরা পুরোদমে করে যাব।”

দেশজুড়ে এই নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ‘মাস্টার ট্রেইনারদের’ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এজন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার। আর আপনারা ১৪, ১৮, ২৪ এর নির্বাচন মাথা থেকে মুছে ফেলেন।”

‘বহুবছর পর’ আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ নিয়ে পুলিশ সদস্যদের দক্ষতা, মনোবল, জ্ঞান ও দায়িত্ববোধ বহুগুণে বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সবচেয়ে গুরুদায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচনের মাঠে আপনারা কেবল আইনশৃঙ্খলা বাহিনী নন। আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রীক অধিকার রক্ষার প্রতীক।

“আমরা চাই বাংলাদেশ পুলিশ এমন মানদণ্ড স্থাপন করুক, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, “আমরা চাই আগামী জাতীয় নির্বাচন হোক, বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। আর সেই সফলতার অন্যতম প্রধান নিয়ামক হবে বাংলাদেশ পুলিশের দক্ষতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব।”

নির্বাচনের আগে পুলিশের বদলি লটারির মাধ্যমে করার বিষয়টিও ফের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পোস্টিংটা আমি লটারির মাধ্যমে করে দিব। এটার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আসবে, কারও কোনো কথা শুনব না। যদি আমি থাকি, এটা লটারির মাধ্যমেই হবে।”

দুর্নীতি ও মাদক নির্মূলে তিনি বলেন, “আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে এটা আমরা সমাজ থেকে কমাতে পারব। যদিও আমাদের সময় খুব একটা নাই। আমরা কিন্তু সেকেন্ড ধাপে চলে গেছি, ইলেকশন মডিউলে চলে গেছি। তারপরেও ইলেকশানের সাথে সাথে এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে।”

অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মতৎপরতা ‘বন্ধ নাই’ জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে আছে।

“তারা সমাজ এবং রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে। তাদের আইনের আওতায় আনতে হবে।”

আসছে দুর্গাপূজায় সারাদেশে ফের অস্থিরতা ‘সৃষ্টির পাঁয়তারা চলছে’ মন্তব্য তিনি গেলবারের মত পুলিশ বাহিনীকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের প্রায় দেড় লাখ পুলিশ নির্বাচনের সময়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে।”

প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে শৃঙ্খল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এটা শুধু আইন কানুন শেখানো নয়, প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কীভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। কীভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়। কীভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘একটুখানি খারাপের দিকে’

রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এতোদিন যে রকম ছিল, গত কয়েকদিনের ঘটনায় আমি বলব একটুখানি খারাপের দিকে গেছে।”

এটাকে আবার ‘পুরো আগের দিক ‘নিয়ে আসতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপরাধীরা অপকর্ম করতেছে, তাদের কিন্তু আমরা আবার আইনের আওতায় নিয়ে আসতেছি।”

অনুষ্ঠান শেষে রাজবাড়ীর ঘটনা প্রসঙ্গে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজবাড়ীর ঘটনা আগে তদন্ত করে দেখি, তদন্ত রিপোর্টের পরে আমরা হয়ত পুরাটা আপনাদের জানাতে পারব। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, কিন্তু এটা যারা করছে তাদের কিন্তু অলরেডি ৫ জনকে আইনের আওতায় নিয়ে আসছি। তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়ত পুরা ঘটনাটা জানতে পারব।”

সেখানকার ডিসি-এসপিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা সম্ভব কী না জানতে চাইলে তিনি বলেন, “তাদের দায়িত্বে অবহেলা হইছে কি না সেটাতো তদন্তের পরে প্রমাণিত হবে। কিন্তু আগে যদি সবাইরে সরায়ে দেই, তাহলেতো তদন্তকে গুরুত্ব দেওয়া হল না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষ প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নির্দোষ হয় তাহলেতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কীভাবে বুঝব সেই-ই দোষী?”

আসন্ন নির্বাচনে ‘মব’, জনগণের অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে কী কি-না প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সে সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। জনগণ যখন একদিকে চলে যাবে, নির্বাচনের দিকে তাদের কেউ প্রতিহত করতে পারবে না। তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে।”

মব ঠেকাতে সরকার ব্যর্থ হচ্ছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ব্যর্থ হচ্ছি না। এখন যারা এ জিনিসটা করছে, আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু ধৈর্য্য সহ্য নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আপনাদের মাধ্যমে অনুরোধ সাবাই যেন একটু ধৈর্যশীল হয়।”