২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্যে ভোট: বরিশালের এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব

বুধবার গাজীপুরের শ্রীপুর চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকেও ডেকেছে ইসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিকের ব্যাখ্যা শুনবে নির্বাচন কমিশন। 

গত ৮ মে প্রথম ধাপের ভোটে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে আলোচনায় আসেন এই এমপি। 

এমন নির্বাচনি অপরাধের বিষয়ে ব্যাখ্যা দিতে বুধবার দুপুর ১২টায় তাকে নির্বাচন ভবনে উপস্থিত হতে বলেছে ইসি।

সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আবদুল হাফিজ মল্লিককে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গত ৮ মে অনুষ্ঠেয় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৪৭ নম্বর মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন হাফিজ মল্লিক, যা বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে।

“প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৭৮ এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ। এ অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে কেন চিঠি দেওয়া হবে না, সে বিষয়ে বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখা দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।”

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় তলব করা হয়েছিল ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে। পরে ইসিতে এসে বিষয়টি ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে’ দেখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেন তিনি।

এদিকে কারণ দর্শানো নোটিস দেওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করতে থাকায় ‘কেন প্রার্থিতা বাতিল করা হবে না’ জানতে চেয়ে কমিশনে এসে ব্যাখ্যা দিতে ডাকা হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকে।

আগামী বুধবার সকালে এ প্রার্থীকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

সোমবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

২১ মে দ্বিতীয় ধাপে এ উপজেলার ভোট রয়েছে।

এবার চার ধাপে উপজেলা ভোট হচ্ছে। ৮ মে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। এরপর ২১ মে, ২৯ মে ও ৫ জুন ভোট রয়েছে।

প্রকাশ্যে ভোটইসির 'ক্ষমাসুন্দর দৃষ্টিচান ধর্মমন্ত্রী