সচিবালয়ের কর্মচারীদের কর্মসূচি স্থগিত
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বলছেন, পর্যায়ক্রমে দাবি পূরণের আশ্বাস পেয়েছেন তারা।
এক যুগ্ম সচিবের অপসারণসহ নয় দফা দাবিতে আন্দোলনে থাকা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
রোববার সচিবালয়ের ভেতরে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে ‘মহাসমাবেশ’ করার কথা থাকলেও তা স্থগিতের ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদের ৯ দফা দাবিনামা মন্ত্রিপরিষদ সচিব মহোদয় বরাবর পেশ করা হয়েছিল, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), ও অতিরিক্ত সচিব (এপিডি) মহোদয়ের সাথে এক বৈঠক করেছি। আজকের সমাবেশ না করে সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়সহ আরও কয়েকজনের সঙ্গে দাবিনামার বিষয়ে বৈঠক হয়েছে।
“তারা আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের দাবি পর্যায়ক্রমে পূরণ করবে। আজকেও একটি দাবি পূরণের প্রজ্ঞাপন হওয়ার কথা। তাই আমরা আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছি।"
কতদিনের জন্য স্থগিত করা হয়েছে জানতে চাইলে বদিউল কবীর বলেন, "সেটা আমরা আজকের এবং কালকের কিছু অর্ডার হওয়ার কথা। আমরা এক সপ্তাহ দেখব, এর পরে পরবর্তী কর্মসূচি নিয়ে বসব।"
নয় দফা দাবি তুলে সপ্তাহখানেক ধরে সচিবালয়ে বিক্ষোভ করে আসছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
১. পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার করতে হবে।
২. ভুতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির মত ভুতাপেক্ষে আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশনা প্রদান করতে হবে।
৩. কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে।
৪. পূর্ণাঙ্গ পে-কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং ২০তম গ্রেডে (অফিস সহায়ক) কর্মরতদের বেতন ১৭তম গ্রেডে উন্নীত করতে হবে।
৫. আগের মত ১০০ শতাংশ পেনশন গ্র্যাচুইটি চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মত টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা।
৬. রাষ্ট্রপতির কার্যালয়ের মত সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মত রেশন চালু করা।
৭. চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে ৩ বছর বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ।
৮. সচিবালয় কর্মচারীদের তাদের কর্মস্থলের সঙ্গে সংগতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান।
৯. পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি করা।
