১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর ৩ লাখের বেশি সদস্য মণ্ডপের নিরাপত্তায়: আইজিপি

একটি গোষ্ঠী ‘নিয়ন্ত্রিতভাবে’ পূজা উদযাপনের কথা বলছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 11:59 PM

Updated : 16 Oct 2026, 11:59 PM

হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা শুনিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার বনানী কামাল আতাতুর্ক পার্কে মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

দেশজুড়ে পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও একটি গোষ্ঠী পূজা নিয়ন্ত্রিতভাবে উদ্‌যাপন ও কার্যক্রম পরিচালনার কথা বলছে মন্তব্য করে তিনি বলেন, “বিষয়টি দুঃখজনক। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সুযোগ নিতে চায়, তারাই এ ধরনের কথা বলছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের প্রশংসা করে আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তার নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা।

এদিন সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলক সাহা ও সাধারণ সম্পাদক বিনয় রায় উপস্থিত ছিলেন।

এবার মণ্ডপের মূল আকর্ষণ পরিবেশবান্ধব ও নান্দনিক ‘জলজ’ থিম।