মিরপুরে গ্যাসের আগুন: আরেকজনের মৃত্যু
এ নিয়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হল।
ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এ আগুনে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হল।
ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বপ্না নামের ওই নারী শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান। আগুনে ওই নারীর শরীরের ১৪ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছিলেন।"
গত ২৪ নভেম্বর ভোরে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় আগুন লাগে। এতে খলিল, তার স্ত্রী ও তিন শিশু সন্তান এবং পাশের ঘরের শাহজাহান ও তার স্ত্রী স্বপ্না দগ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাদের ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ওই আগুনে ৪০ বছর বয়সী খলিলের শরীরের ৯৫ শতাংশ ও তার স্ত্রী রুমার ২০ শতাংশ পুড়ে যায়। তিন সন্তানের মধ্যে আব্দুল্লাহর শরীরের ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ ও ইসমাইলের ২০ শতাংশ পুড়ে যায়। শাহজাহানের দগ্ধ হয় ৬ শতাংশ।
এরপর ২৬ নভেম্বর খলিলের মৃত্যু হয়। চার দিন পর ৩০ নভেম্বর মারা যান তার স্ত্রী। ২ ডিসেম্বর রাতে মৃত্যু হয় মোহাম্মদের। ৬ ডিসেম্বর তাদের আরেক সন্তান আবদুল্লাহ মারা যায়।
ইসমাইল বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। স্বপ্নার স্বামী শাহজাহান চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
