পিএসসির তিন সদস্যের শপথ
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দায়িত্ব পালনের শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য।
তারা হলেন- মো. মহিউদ্দিন, অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী ও অধ্যাপক এম আমজাদ হোসেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় আপিল বিভাগের বিচারপতি এবং পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২০ অগাস্ট পিএসসিতে এই তিন সদস্যকে নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই তিন কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন।
সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫। এই নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা ১৮-তে দাঁড়িয়েছে।
