১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা দিবসে মিছিল: আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন কারাগারে

“তারা একত্রিত হয়ে দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিবোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল,” বলছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

স্বাধীনতা দিবসে গুলিস্তানে মিছিল করার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজনকে পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। 

এই তিনজন হলেন– ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বাবু, ২৭ নম্বর ওয়ার্ড (তেজগাঁও) এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল এবং সাতক্ষীরার আসাসুনি উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে ডালিম।

শুক্রবার ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান তাদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান জানান, তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে তাদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার বিবরণে বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ভোরে ৫০/৬০ জন গুলিস্তানে সমবেত হয়ে মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। 

“তাদের মিছিলের স্লোগান শুনে ও আনুসঙ্গিক কার্যক্রমে পুলিশ বুঝতে পারে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা একত্রিত হয়ে দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিবোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। 

“তারা প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে অমান্য করে যে কোনো বড় ধরনের আঘাত ঘটাতে পারে। গণজমায়েত হয়ে অজ্ঞাতনামা আসামিরা দেশের সর্বভৌমত্বকে আঘাত ও মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থক হিসেবে একত্রিতভাবে দেশবিরোধী প্রচারনায় অংশগ্রহণ করে।”

অজ্ঞাতনামা আসামিরা বাংলাদেশের “অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতি সাধনের যড়যন্ত্র এবং ধংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে” ঘটনাস্থলে মিলিত হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।