২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে দায়িত্ব নিতে বলা হয় সরকার পতনের আগের দিন: নাহিদ

“খবর পাই, সরকার ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেবে, আমাদেরকে হত্যা বা গুম করতে পারে। তাই ‘মার্চ টু ঢাকা’ এগিয়ে ৫ অগাস্ট নির্ধারণ করি।”

ইউনূসকে দায়িত্ব নিতে বলা হয় সরকার পতনের আগের দিন: নাহিদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেওয়ার পর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের আগের দিনই নতুন সরকারপ্রধান হিসেবে মুহম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সাক্ষ্য দিতে এসে এ কথা বলেন তিনি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুরাল-১ এ তার দুদিনব্যাপী সাক্ষ্য শেষ হয়। জেরা শুরু হলেও শেষ হয়নি। রোববার জেরার বাকি অংশ করা হবে। নাহিদ এ মামলার ৪৭তম সাক্ষী।     

সাক্ষ্যে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে পুরো আন্দোলনের সময়কার ঘটনাবলীর বিবরণ দেন। এই বিবরণে তাকেসহ অন্য সমন্বয়কদের গ্রেপ্তার, গুম, নির্যাতনসহ বিভিন্ন সময়ের চিত্র তুলে ধরেন। 

পুরো জুলাই মাসে আন্দোলনের পর অগাস্টে তাদের আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে যায়। যার ৫ দিনের মাথায় সরকারের পতন হয়। 

নাহিদ বলেন, ১ অগাস্ট একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ৬ সমন্বয়ক জানান যে, হেফাজতে থাকার সময় ডিবি অফিসে জোর করে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। পরে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। 

তিনি বলেন, অন্যান্য সমন্বয়ক ও অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন যেমন, ছাত্রদল, ছাত্রশিবির এবং বামপন্থি কয়েকটি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে ৩ অগাস্ট শহীদ মিনারে সরকার পতনের এক দফা ঘোষণা করেন। সরকার পতনের এক দফা দাবিতে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেন। 

৪ অগাস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং সেদিন ৬ অগাস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন। সরকার কারফিউ ঘোষণা করে। 

তিনি বলেন, “সরকার দেশব্যাপী ব্যপক হত্যাকাণ্ড চালায়। আমরা জানতে পারি , ৬ তারিখ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আরও জানতে পারি যে, সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেবে, আমাদেরকে হত্যা বা গুম করা হতে পারে। তাই আমরা আমাদের ‘মার্চ টু ঢাকা’ এক দিন এগিয়ে ৫ অগাস্ট নির্ধারণ করি।

“মার্চ টু ঢাকা সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে মাহফুজ আলম অন্যান্য ছাত্রসংঠন এবং নাগরিক সমাজের সঙ্গে লিয়াজোঁ করছিলেন। পূর্বপ্রস্তুতি হিসেবে আমরা নতুন সরকার গঠনের জন্য ড. ইউনুস স্যারের সঙ্গে আলোচনা করি। তাকে নতুন সরকারপ্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিই।”

ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে নাহিদ বলেন, ২০ জুলাই রাতে তিনি নগরীর নন্দীপাড়ায় এক বন্ধুর বাসায় অবস্থান করেন। রাত আনুমানিক আড়াইটায় ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি হতকড়া পরিয়ে, চোখে কালো কাপড় বেঁধে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। প্রাইভেট কারে উঠিয়েই তাকে মারধর করতে থাকে। এরপর একটি রুমে নিয়ে যাওয়া হয়। নির্যাতনে তিনি কয়েক দফা জ্ঞান হারিয়ে ফেলেন। 

২৪ ঘণ্টা পর শেষ রাতের দিকে পূর্বাচল এলাকায় একটি ব্রিজের পাশে চোখ বাঁধা অবস্থায় তাকে রেখে চলে যায় বলে জানান।