Published : 30 Dec 2025, 05:30 PM
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে মোবাইল সিম ব্যবহারের সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “সম্প্রতি কিছু গণমাধ্যমে বলা হচ্ছে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্রতি এনআইডির বিপরীতে মোবাইল সিমের সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা হচ্ছে। এরকম খবর সঠিক নয়, বিভ্রান্তিমূলক।
“এ ধরনের ভুল তথ্য গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি হতে পারে।”
চলতি বছরের ১৯ মে মাসে দেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কমিশন সভায় একজন ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা ১৫ থেকে ১০টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়।
একটি এনআইডি ব্যবহার করে কতগুলো সিম ব্যবহার করা হচ্ছে, সেটি জানা যাবে *১৬০০১# ডায়াল করে।
অ্যামটব বলছে, “আমরা মনে করি, গ্রাহক পর্যায়ে মোবাইলের অপব্যবহার, জালিয়াতি বা অপরাধ রোধে শুধু সিম সংখ্যা সীমিত করাই কার্যকর উপায় নয়; বরং যথাযথভাবে গ্রাহক পরিচিতি যাচাইকরণ, তাৎক্ষণিক (রিয়েল-টাইম) নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং উন্নত জালিয়াতি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক বেশি কার্যকর।
“বৈধ ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করলে উল্টো তারা অনানুষ্ঠানিক বা অনিয়ন্ত্রিত চ্যানেলের দিকে ঝুঁকতে পারেন, যা নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি করতে পারে।”