১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে আরও উন্নত সম্পর্ক গড়তে কাজ করছে কাতার: রাষ্ট্রদূত

বাংলাদেশ ও কাতারের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দ্বিপক্ষীয় ‘গভীর সম্পর্কের গৌরবময় অভিযাত্রার’ কথা স্মরণ করেন রাষ্ট্রদূত আল-কাহতানি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 10:41 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

চলতি বছর কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ’সর্বোচ্চ উচ্চতায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত সুরাইয়ে আলী আল-কাহতানি।

কাতারের জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, “বাংলাদেশ এবং কাতারের মধ্যে আরও উন্নত সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছি।”

বাংলাদেশ ও কাতারের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দুই দেশের ‘গভীর সম্পর্কের গৌরবময় অভিযাত্রার’ কথা স্মরণ করেন রাষ্ট্রদূত আল-কাহতানি।

তিনি বলেন, “গত এপ্রিলে কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। কাতারের আমিরের সফরে দুই দেশের মধ্যে অনেকগুলো চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।”

রাষ্ট্রদূত বলেন, শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতার রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের ‘সাফল্য’ অর্জন করে চলেছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ৪ লাখের বেশি বাংলাদেশি কাতারে কাজ করছেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, ২০২২-২০২৩ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২২০ কোটি ডলারের বেশি, যেখানে কাতার থেকে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ২০০ কোটি ডলারের বেশি।

অন্তর্বর্তী সরকারের আইন এবং প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, কাতারে প্রবাসী বাংলাদেশিরা দুদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কাতারে দক্ষ কর্মী পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার।

আসিফ নজরুল বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে আমরা কাতারের অভাবনীয় অর্জনগুলোর যেমন উদযাপন করছি, তেমনি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে স্থায়ী বন্ধন সম্পর্কেও আলোকপাত করছি।”

ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, ব্যবসায়ী, গণমাধ্যম এবং শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।