‘পুলিশ এমনভাবে গুলি করছিল, মনে হচ্ছিল খই ফুটছিল’
“এই সরকার থাকাকালে যেন শেখ হাসিনার বিচার হয়। বিচার না হলে সন্ত্রাস বেড়ে যাবে,” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পারভীন নামে এক সাক্ষী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ের একদিন রাজধানীতে কাজ থেকে বাসায় ফেরার পথে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় একটা ছেলেকে পড়ে থাকতে দেখেন পারভীন। তাকে সাহায্য করতে এগিয়ে যেতে চান তিনি। আহত ওই ছেলেটাকে লক্ষ্য করে গুলি চালাতেই থাকে পুলিশ।
সেসময় গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারানো ওই নারী সেদিনের অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
আন্দোলনের ওই সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে বসবাসরত পারভীনের ভাষ্য, “পুলিশ ছেলেটাকে এমনভাবে গুলি করছিল, মনে হচ্ছিল খই ফুটছিল। টুস টুস শব্দ হচ্ছিল।”
পরে ঘটনাস্থলে ওই নারীও গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ অন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় ডান চোখও।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং ঘটনাস্থলে দেখা দৃশ্যের বর্ণনা তুলে ধরেন।
আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলার আসামিদের বিরুদ্ধে।
এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার আসামি।
এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় রোববার। দ্বিতীয় দিন সোমবার পারভীনের আগে আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান সাক্ষ্য দেন।
এদিন সাক্ষ্য দিতে স্বামীকে নিয়ে আদালতে হাজির হন আট মাসের অন্ত:সত্ত্বা পারভীন।
জবানবন্দিতে তিনি বলেন, আন্দোলনের আগে থেকে স্বামীকে নিয়ে যাত্রাবাড়ীর কুতুবখালীর বউবাজার এলাকায় বাস করতেন। তাদের দুটি পুত্র সন্তান আছে। তিনি দিনমজুরের কাজ করতেন। রোজগারের মত বাসার কাজ শেষ করে ১৮ জুলাই সকালে লেগুনাতে করে জুরাইন কাজে যান। ৫টায় কাজ শেষ করে লেগুনা স্ট্যান্ডে আসেন। এসে লেগুনা না পেয়ে পেয়ে হেঁটে রওনা দেন বাসার উদ্দেশে। যাত্রাবাড়ী পর্যন্ত এসে দেখতে পান, অনেক মানুষ আহত হয়ে পড়ে আছে।
ওই সময়ের বর্ণনায় তার ভাষ্য, “রক্ত দেখে মনে হয়েছে গরু জবাই হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথায় রক্ত। যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে ১৮/১৯ বছরের একটা ছেলে আহত হয়ে পড়ে আছে। সে বাঁচার জন্য চিৎকার করছে। সাদা শার্ট, প্যান্ট পরিহিত ছেলেটি রক্তে ভেজা। চোখ দিয়েও রক্ত বের হচ্ছিল।”
তাকে দেখে পারভীনের মায়া হয়, দৌড়ে যান। ওকে যখন ধরেন তখন সে বাঁচার আকুতি জানান। তিনি তাকে টেনে তোলেন। ছেলেটি তার মাথা পারভীনের ঘাড়ে রাখে। এদিক ওদিক তাকিয়ে দেখেন কোথাও কিছু (যানবাহন) আছে কি না।
তিনি বলেন, “তখন ১৪/১৫ জন সশস্ত্র পুলিশ মারমুখো হয়ে ছেলেটাকে লক্ষ্য করে গুলি করে। গুলি ছেলেটার পিঠে লাগে। পুলিশ ছেলেটাকে এমনভাবে গুলি করছিল, মনে হচ্ছি খই ফুটছিল, টুস টুস শব্দ হচ্ছিল। বাম হাত তুলে পুলিশকে বলি আর গুলি কইরেন না। একটা পুলিশ সাইড হয়ে চোখ বরাবর গুলি করে। গুলি বাম চোখে এসে লাগে।”
এসময় মাঝবয়সী ওই নারী কান্নায় ভেঙে পড়েন। ধরা গলায় ঘটনার বর্ণনায় তিনি বলেন, “২/৩ জন মিলে আরও গুলি করে। তলপেটসহ আরও কয়েক জায়গায় গুলি লাগে। চোখ থেকে এমনভাবে রক্ত বের হচ্ছিল যেন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল।”
ট্রাইব্যুনালে স্বাক্ষ্য দেওয়ার সময় পারভীন বলেন, তিনি ব্যাথায় কাতরাচ্ছিলেন। শরীর থেকে রক্ত বের হয়ে তিনি দুর্বল হয়ে যান। পরে ছেলেটিসহ তিনি মাটিতে পড়ে যান। ছেলেটা জোরে নি:শ্বাস নিয়ে এমনভাবে হাত চেপে ধরে। পরে শরীর থেকে হাত ছেড়ে দেয়। তার মনে হয়েছে ছেলেটা তখনি মারা গেছে। এদিকে ব্যথার যন্ত্রনায় বাঁচাও বাঁচাও করে চিৎকার করে ছটফট করছিলেন তিনি।
এ বর্ণনা দেওয়ার সময় আরেক দফা কাঁদতে শুরু করেন ওই নারী। বলেন, তখন অনেক মানুষ আসে। অনেকে বলে ছেলেটা মারা গেছে। তাকে জীবিত দেখে সিএনজিতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার চোখের ওষুধের জন্য ২৫০ টাকার একটি ড্রপের প্রয়োজন ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঠিকমত চিকিৎসা দেননি বলে অভিযোগ করেন তিনি।
তখন হাসপাতালে একজন নারী এসে তাকে ড্রপ কিনে দেন। চোখে ড্রপ দেওয়া হলে যন্ত্রণায় কাতরাতে থাকেন পারভীন। ওই দিন হাসপাতালের বারান্দায় পড়ে ছিলেন তিনি। বমি করতে থাকেন। এমন অবস্থা দেখে সেখানকার একজন ফোন নম্বর নিয়ে তার স্বামীকে ফোন করেন, যিনি তখন বরিশালে ছিলেন। পরদিন সকাল ১০টায় হাসপাতালে এসে পৌঁছান।
চিকিৎসক পারভীনের চিকিৎসার জন্য কিছু জিনিসপত্র কিনে আনতে বলেন। তবে পারভীনের স্বামীর কাছে টাকা ছিল না। তিনি যাত্রাবাড়ীর বাসায় গিয়ে পারভীনের কানের দুল বিক্রি করে টাকা জোগাড় করে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাকে মারধর করে কয়েকজন। এতে তার তিনটা সেলাই লাগে।
পারভীন বলেন, তার চোখে অপারেশন হয়। চোখ থেকে তিনটা গুলি বের করা হয়। চিকিৎসকরা বলেন, চোখে আরও গুলি আছে। তারা ৩/৪ দিন রেখে তাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঠিয়ে দেন। তারা কয়েকটা পরীক্ষা দেন। সিটিস্ক্যানে দেখা যায়, তার চোখে আরও গুলি আছে। পরদিন সকালে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন। তবে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার হয়নি।
“দেশ স্বাধীন হওয়ার পর অপারেশন হয়। অপারেশন করে চোখ থেকে একটি গুলি বের হয়।”
তলপেটের গুলির বিষয়ে আদালত জানতে চাইলে তিনি বলেন, তলপেটের গুলি অস্ত্রোপচার করা হয়নি।
পারভীন আদালতকে বলেন, তিনি ৮ মাসের অন্ত:সত্ত্বা। এই অবস্থায় আদালতে এসেছেন ন্যায়বিচারের জন্য। চিকিৎসার অভাবে বাম চোখ নষ্ট হয়ে গেছে। ডান চোখে আবছায়া দেখেন। তার অন্ধ হওয়ার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন তিনি। বলেন, তার দুই সন্তানের কাছে জীবনভর অন্ধ হয়ে গেছেন তিনি।
তিনি বলেন, ”শেখ হাসিনা পুলিশের বাপ-মা। তার নির্দেশ ছাড়া পুলিশ গুলি করে না। তার নির্দেশে পুলিশ গুলি করে হাজার হাজার মানুষকে আহত ও নিহত করেছে। দুই সন্তানও মায়ের অন্ধত্বের বিচার চায়।
”এই সরকার থাকাকালে যেন শেখ হাসিনার বিচার হয়। বিচার না হলে সন্ত্রাস বেড়ে যাবে। সঠিক বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধা করবে না। ভাববে, হত্যা করলে বিচার তো হয় না “
এরপর আসামিদের পক্ষে তাকে জেরা করেন তাদের আইনজীবী আমির হোসেন।
তার সাক্ষ্য শেষে বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী এম এইচ তামিম।
এর আগে এদিন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান সাক্ষ্য দেন। রোববার সাক্ষ্য দেন খোকন চন্দ্র বর্মণ।
মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন।
মামলায় সাক্ষী রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও জাতীয় দৈনিকের এক সম্পাদকসহ ৮১ জন। এর মধ্যে তিনজনের সাক্ষ্য শেষ হল।
