আহতদের 'নো রিলিজ, নো ট্রিটমেন্ট' অর্ডার দিয়েছিলেন হাসিনা, সাক্ষ্যে বললেন ইমরান
মানবতাবিরোধী অপরাধের এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সোমবার জবানবন্দি দেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার বিজয়নগরে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল, সেই বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরলেন আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান।
আদালতে দেওয়া সাক্ষ্যে ইমরান বলেছেন, তিনি হাসপাতালে থাকার সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখতে যান। কথাবার্তা বলে আন্দোলনকারী বুঝতে পেরে তিনি হাসপাতালের কর্মীদের ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট' অর্ডার দিয়ে যান।
জুলাই অভ্যুত্থান দমাতে দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সোমবার জবানবন্দি দেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান।
স্বাভাবিক হাঁটার ক্ষমতা হারানোয় হুইল চেয়ারে করে এসে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ইমরান বলেন, গতবছর জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে প্রথম থেকেই তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯ জুলাই বিকালে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালারৈ তার হাঁটুর নিচে গুলি লাগে।
ওই সময় দুই সহযোদ্ধাকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যেতে দেখার কথা জবানবন্দিতে তুলে ধরেন ইমরান।
তিনি বলেন, অন্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও কেউ ভর্তি নিচ্ছিল না। পরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসরা পা কেটে ফেলার কথা বলেন।
এই শিক্ষার্থী বলেন, ওই সময় তার পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত চামড়ার সাথে ঝুলছিল, মনে হচ্ছিল ভেতরে হাড় আর নেই। সে কারণে তারও মনে হচ্ছিল, পা কেটে ফেলার কোনো বিকল্প বোধহয় নেই।
তবে তার শুভাকাঙ্ক্ষীরা পা কাটার অনুমতি দিচ্ছিলেন না। তখন দায়িত্বরত চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে যেতে বলেন।
ইমরান বলেন, অ্যাম্বুলেন্সে করে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার সময় ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে যৌথবাহিনী অ্যাম্বুলেন্স আটকায়। সেখানে তাদের প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। তাদের মনে হচ্ছিল, হতয় ‘গুলি করে’ মেরেও ফেলতে পারে।
ওই অ্যাম্বুলেন্সে ইমরানের সঙ্গে ছিলেন দুজন রক্তদাতা এবং তার দুই বন্ধু ছিল। তাদের একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ৫ অগাস্ট সরকার পতনের পর তিনি মুক্তি পান।
ইমরান বলেন, ১৯ জুলাই রাতে কারফিউ ছিল। রাত ১১টার সময় তিনি পঙ্গু হাসপাতালে পৌঁছান। সেখানে তার একটি অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা বুঝতে পারছিলেন না, তার পা রক্ষা করার কোনো উপায় আছে কি না।
এরপর চিকিৎসকরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান। সেখানে তারা তার স্নায়ু পরীক্ষা করে বুঝতে পারেন, পা টা বাঁচানো সম্ভব। তখন তাকে আবার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। ওই রাতে তার আরেকটি অস্ত্রোপচার হয়। এভাবে চলতে থাকে ২৭ জুলাই পর্যন্ত।
যারা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ২৭ জুলাই তাদের দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আসা উপলক্ষে আগের দিন থেকে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, দেয়ালে রং করা, ফ্যান মোছাসহ বিভিন্ন কাজ করা হয়।
তাতে ‘হয়রানির’ মধ্যে পড়তে হয় অভিযোগ করে ইমরান বলেন, ২৬ তারিখ রাতে তাদের ‘ঘুমোতে দেওয়া হয়নি’।
সকাল ৯টা থেকে ১০টার মধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিচ্ছিলেন শেখ হাসিনা। ইমরান বলছেন, ওই সময় তার সঙ্গেও কথা বলেন তখনকার সরকারপ্রধান।
ইমরানের ভাষ্য, কথা বলার সময় শেখ হাসিনাকে ‘ম্যাডাম’ সম্বোধন করেছিলেন তিনি। শেখ হাসিনা তখন তাকে ‘আপা’ ডাকতে বলেন।
সাক্ষ্যে ইমরান বলেন, তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কি না এবং কেন হলে থাকেন না– এসব বিষয়ে শেখ হাসিনা প্রশ্ন করেন তাকে। এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন, ইমরানও আন্দোলনকারী।
ইমরানের কাছে শেখ হাসিনা জানতে চান, তাকে গুলি পুলিশ করেছে কি না। ইমরান তাকে বলেন, পুলিশ তাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে অন্য কেউ ছিল কি না, সেটা তিনি জানেন না।
এই তরুণ আদালতকে বলেন, সেদিন হাসপাতালে আহত আরো ৪/৫ জনের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। পরে চলে যাওয়ার সময় হেল্প ডেস্কের কাছে গিয়ে 'নো রিলিজ, নো ট্রিটমেন্ট' অর্ডার দিয়ে যান।
ইমরান বলেন, বিষয়টি শুনতে পেলেও সে সময় বুঝতে পারেননি 'নো রিলিজ, নো ট্রিটমেন্ট' বলতে শেখ হাসিনা কী বুঝিয়েছেন। পরে তার ঠিকঠাক ট্রিটমেন্ট ‘হচ্ছিল না’। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা ছিলো ছিল সকাল ৮টায়। সেজন্য আগের রাত ১২টা থেকে তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। কিন্তু ৮টার অপারেশনের কথা বলে তাকে থিয়েটারে নেওয়া হয় দুপুর আড়াইটার দিকে।
তিনি বলেন, তার পা পচে বিকট দুর্গন্ধ ছড়িয়েছিল। আশপাশের লোকজন গন্ধে থাকতে পারত না। সরকারি যে অ্যান্টিবায়োটিক, তা তার শরীরে কাজ করছিল না। তার পা থেকে পুঁজ নিয়ে আইসিডিডিআরবিতে পরীক্ষা করানো হয়। তখন তারা বলে, তাকে দামি অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু বাইরে থেকে অ্যান্টিবায়োটিক কিনে হাসপাতালে আনার অনুমতি ছিল না।
ইমরান বলেন, তার বাবা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে রিলিজ দেওয়া হয়নি। তখন বুঝতে পারেন, তাকে রিলিজ বা ট্রিটমেন্ট দেওয়া হবে না। তার ‘পা কেটে জেলে নিয়ে যাবে’।
৫ অগাস্টের পর ইমরানকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে নেওয়া হয়। এখন যথাযথ চিকিৎসা হচ্ছে বলে আদালতকে জানান তিনি।
জীবনের এই পরিস্থিতির জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন ইমরান।
এদিন বেলা ১১টা ৩৫ মিনিটে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ১১টা ৩৭ মিনিটে জবানবন্দি দেওয়া শুরু করেন ইমরান। ১২টা ৪০ মিনিটের দিকে তার জবানবন্দি শেষ হয়।
এরপর আসামিদের পক্ষে তাকে জেরা শুরু করেন আইনজীবী আমির হোসেন। প্রায় ৪৫ মিনিট জেরা করেন তিনি।
এরপর পারভীন নামে ২৭ বছরের এক নারী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তিনি জুলাই আন্দোলনে চোখ হারিয়েছেন।
তার সাক্ষ্য শেষে বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের কৌসুলি গাজী এম এইচ তামিম।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ খোকন চন্দ্র বর্মণ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার আসামি।
আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এ মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এদিন আদালতে হাজির করা হয়। সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে তিনি ‘রাজসাক্ষী’ হয়েছেন।
গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও জাতীয় দৈনিকের এক সম্পাদকসহ ৮১ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।
বিস্তারিত আসছে
পুরনো খবর
