১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই উৎসবে ফারুকী

'ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে' দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই উৎসবে ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজন করেছে 'জুলাই জাগরণ সাংস্কৃতিক উৎসব'। 

চার দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, গ্রাফিতি অংকনসহ নানা আয়োজন রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

শুক্রবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তৃতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ।"

'ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে' দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ফারুকী বলেন, "জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। ২৪'র জুলাইয়ে আবারো আমাদের তরুণরা রক্তস্নাত এ ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়।" 

’মাতৃভূমি অথবা মৃত্যু’- সময়ের সাহসী অঙ্গীকার মন্তব্য করে, তা ধারণ, পালন ও লালন করার কথাও বলেন সংস্কৃতি উপদেষ্টা।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, "মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।"

আয়োজক সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ ও নূরুল ইসলাম।