নথি গায়েব ও অবৈধ সম্পদ: বিমান পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) থাকাকালে নিজের চাকরিচ্যুতির দুটি তদন্ত প্রতিবেদন গায়েব করে দেন মোমিনুল ইসলাম, বলছে কমিশন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে ‘প্রকাশ্য অনুসন্ধান’ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে।”
দুদকের অভিযোগ অনুযায়ী, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) থাকাকালে মোমিনুল ইসলাম বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে নিজের চাকরিচ্যুতির দুটি তদন্ত প্রতিবেদন (২০০৬ ও ২০২২ সালের) গায়েব করে দেন।
অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ও শেয়ার ব্যবসাসহ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এমনকি ঢাকা-কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকার সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত ‘সুপিরিয়র কোচ’ থাকার অভিযোগও রয়েছে।
দুদকের অভিযোগ, পরিচালক (প্রশাসন) থাকাকালে তিনি ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি করেন। একইসঙ্গে প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে তিনি বিমানের প্রকৌশলীদের ‘টিএ’ ও ‘ডিএ’ বাবদ ১৬ হাজার ১৮৫ ডলার অনুমোদন দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মোমিনুল ইসলামের অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
পরে বিষয়বস্তু জানিয়ে বার্তা পাঠানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক ধর্মমন্ত্রীর একান্ত সচিবের বিরুদ্ধে মামলা করবে দুদক
প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের একান্ত সচিব ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
তার বিরুদ্ধে মামলা অনুমোদনের তথ্য সাংবাদিকদের দিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অনুসন্ধানের বরাতে দুদক বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মো. আবুল কালাম আজাদ ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
দুদকের দাবি, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং সেখানে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।
অনুসন্ধানের ভিত্তিকে দুদক বলছে, মো. আবুল কালাম আজাদের মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা। এর মধ্যে বৈধ আয়ের প্রমাণ মেলে ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকার। বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুদক।
