ভোট: শুক্রবার মাঠে নামছেন সহস্র নির্বাহী হাকিম
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দেশের সব উপজেলায় অন্তত দুজন করে নির্বাহী হাকিমকে দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পাঠানো চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম দুজন করে ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’কে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শুক্রবার থেকে ভোটের দুদিন পর পর্যন্ত নির্বাহী হাকিমরা ‘মোবাইল কোর্ট আইনের’ অধীনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকার জরিমানার বিধান রয়েছে; দলের ক্ষেত্রেও সর্বোচ্চ দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে বিধি লঙ্ঘনে তদন্ত করে সর্বোচ্চ প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।
আরও পড়ুন
