তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের প্রচার সামগ্রী সরাতে বলল ইসি
সম্ভাব্য প্রার্থীদের নিজ দায়িত্বে ও খরচে অপসারণ করতে বলা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় বিদ্যমান সব ধরনের নির্বাচনি প্রচারণার সামগ্রী অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার স্থানীয় সরকার বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ দায়িত্বে ও খরচে ভোটের প্রচার সরঞ্জাম অপসারণ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে ইসি।
ইসি বলেছে, “এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদেরকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।"
এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
