Published : 06 Jul 2026, 08:27 PM
সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সোমবার সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতে নতুন ভবন নির্মাণ ‘অত্যন্ত জরুরি’ বলে তারা দাবি করেন।
এ সময় আইনমন্ত্রী আইনজীবীদের দাবির সঙ্গে একমত পোষণ করে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি।”
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ সভাপতি মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল), মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সানজিদ সিদ্দিক, আজাদ হোসেন, ওয়াহিদা আফরোজ চৌধুরী, কবির হোসাইন, জিয়া উদ্দিন মিয়া, টিপু সুলতান এবং আজিজ উদ্দিন পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন।