Published : 16 Oct 2025, 05:36 PM
চাকরি যাওয়ার পর এবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউর সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন।
তার স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর সেপ্টেম্বরে শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করেছিল সরকার।
দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক রাসেল রনির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শাহীনুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
দুদক কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের’ অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে জানা যায়, শাহীনুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া থেকে বিরত রাখা আবশ্যক বলে মনে
করছে দুদক।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলকে চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য বিএফআইইউ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। নয় মাসের মধ্যেই গেল ৯ সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করা হয়।
অগাস্টের মাঝামাঝিতে ফেইসবুকে তার একটি ‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর ১৯ তারিখ থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি। তখন অর্থ মন্ত্রণালয় একটি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
ফেইসবুকে শাহীনুল ইসলামের একটি ভিডিও গত ১৮ অগাস্ট ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পরের দিন তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত বিএফআইইউ অফিসে উপস্থিত ছিলেন না।
তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।”
আগের খবর: