১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’ বিএফআইইউ প্রধান

“তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে,” বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’ বিএফআইইউ প্রধান
এ এফ এম শাহীনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ‘ছুটিতে রাখা হয়েছে’ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

তার বিষয়ে তদন্ত শুরু হওয়ার তথ্যও দিয়েছেন তিনি।

এ এফ এম শাহীনুল ইসলামকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের পর এসব পদক্ষেপের কথা জানাল কেন্দ্রীয় ব্যাংক।  

মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। 

“এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।”   

সোমবার শাহীনুল ইসলামকে নিয়ে ফেইসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজের কার্যালয়ে দেখা যায়নি শাহীনুল ইসলামকে। 

এ বিষয়ে বক্তব্য জানতে তাকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। 

তবে কোনো কোনো সংবাদমাধ্যমে তিনি বলেছেন, হেয় করার জন্যই তার বিরুদ্ধে এসব ভিডিও ছড়ানো হয়েছে।

আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে নিয়োগ পান শাহীনুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে দুই বছরের জন্য এ নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।